Connect with us
ক্রিকেট

সাকিব-রিয়াদকে ছাড়িয়ে ইতিহাস গড়ার হাতছানি লিটনের সামনে

Liton on the verge of history, set to surpass Shakib and Riyad.
লিটন দাস। ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। চট্টগ্রামে রেকর্ড গড়ে ১৮৩ রানের টার্গেট তাড়া করে জিতেছে স্বাগতিকরা। তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের সুযোগ রয়েছে টাইগারদের সামনে।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারাতে পারলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত হবে বাংলাদেশের। এই ম্যাচ দিয়ে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে অধিনায়ক লিটন দাসের সামনে। তার নেতৃত্বে বাংলাদেশ জিতলেই অধিনায়ক হিসেবে নতুন ইতিহাস গড়বেন এই উইকেটরক্ষক ব্যাটার।

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে অন্তত ১০ ম্যাচে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে জয়-পরাজয়ের হারে আগেই সবাইকে টপকে গেছেন লিটন। এবার জয়ের সংখ্যায়ও সবাইকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে তার সামনে। আর এক ম্যাচ জিতলেই তার নেতৃত্বে এই সংস্করণে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড হবে।



বাংলাদেশের হয়ে অধিনায়ক হিসেবে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ দুজনেই সমান ১৬টি ম্যাচে জয় এনে দিয়েছেন। প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারানোর পর সাকিব-মাহমুদউল্লাহর রেকর্ড ছুঁয়ে ফেলেছেন লিটন।

মাহমুদউল্লাহর নেতৃত্বে ৪৩ ম্যাচে ১৬টি জয় পেয়েছে বাংলাদেশ। আর সাকিব ৩৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে ১৬টি জয় এনে দিয়েছেন। তবে সাকিব-মাহমুদউল্লাহদের চেয়ে অনেক ম্যাচ কম খেলেই সমান জয় এনে দিয়েছেন লিটন। এখন পর্যন্ত লিটনের অধিনায়কত্বে ৩০ ম্যাচে ১৬টি জয় পেয়েছে টাইগাররা।

এই সংস্করণে লিটনের অধিনায়ত্বে জয়-পরাজয়ের হার ৫৩.৩৩ শতাংশ। আর একটি ম্যাচ জিতলেই জয়ের সংখ্যায় সাকিব-মাহমুদউল্লাহকে ছাড়িয়ে এই সংস্করণে বাংলাদেশের সফলতম অধিনায়ক হয়ে যাবেন লিটন।

আগামীকাল (বুধবার) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/২৮এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট