Connect with us
ক্রিকেট

ডিপিএলে একই দলে লিটন-মিরাজ, অধিনায়কত্ব করবেন যিনি

Liton and Miraz to play for the same team in the DPL—here’s who will lead.
লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলবেন লিটন ও মিরাজ। ছবি- সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুমকে সামনে রেখে গতকাল (শনিবার) শুরু হয়েছিল দুই দিনব্যাপী দলবদল অনুষ্ঠান। আজ (রোববার) দ্বিতীয় দিন শেষে দল গঠন করেছে ক্লাবগুলো। আগামী ৪ মে থেকে মাঠে গড়াবে এই ‘লিস্ট-এ’ ক্রিকেট টুর্নামেন্ট। 

দলবদলের প্রথম দিনে দল পাননি জাতীয় দলের দুই অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও লিটন দাস। আজ শেষদিনে তাদেরকে দলে ভিড়িয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে জাতীয় দলের এই দুই অধিনায়কের মধ্যে ডিপিএলে রপগঞ্জের নেতৃত্ব কে পাবেন, সেটা নিয়েই উঠেছে প্রশ্ন।

বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্বে আছেন মিরাজ। আর লিটন নেতৃত্ব দিচ্ছেন টি-টোয়েন্টি দলের। তবে ডিপিএল অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে। সেক্ষেত্রে মিরাজই রূপগঞ্জের নেতৃত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন। তবে নেতৃত্বের বিষয়টি তাদের ওপরই ছেড়ে দিয়েছে মালিকপক্ষ।



রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল চান, অধিনায়ক কে হবেন সেটা লিটন-মিরাজই ঠিক করুক। আজ দলগঠন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আশা করি দুই আইকন (মিরাজ ও লিটন) ক্রিকেটারদের নিয়ে আমরা চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে থাকব। লিটন-মিরাজরা চলে গেলে জাতীয় দলের আরো যেসব খেলোয়াড় আছে, ওদের মধ্য থেকে কেউ অধিনায়কত্ব করবে। ওরা (লিটন ও মিরাজ) নিজেরাই ঠিক করে নেবে, কে অধিনায়ক হবে।’

ডিপিএলে প্রথমবারের মতো মিরাজের সঙ্গে একই দলের হয়ে খেলতে যাচ্ছেন লিটন। এ নিয়ে কিছুটা রোমাঞ্চ কাজ করছে লিটনের। তিনি বলেন, ‘সত্যি বলতে মিরাজের সঙ্গে ডিপিএলে আগে খেলিনি। জাতীয় দলে তো অনেক খেলেছি, কিন্তু ডিপিএলে প্রথমবার খেলব। খেলার পর বলতে পারব অনুভূতিটা।’

এদিকে প্রথমবার রপগঞ্জের হয়ে খেলতে যাওয়া মিরাজ চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘প্রথমবার লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে খেলব। এই দলে জাতীয় দলের অনেকেই খেলেছে। দল অনেক ভালো হয়েছে, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব।’

লিজেন্ডস অব রূপগঞ্জ স্কোয়াড : 

লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, হাবিবুর রহমান সোহান, নাসুম আহমেদ, ইরফান শুক্কুর, সফর আলী, রিফাত বেগ, আশিকুর রহমান শিবলি, রবিউল ইসলাম রবি, আহমুদ, শাহরিয়ার আহমেদ, আইচ মোল্লাহ।

ক্রিফোস্পোর্টস/১৯এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট