
চলতি আইপিএলে হারের বৃত্ত থেকে যেন বেরোতেই পারছে না কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্টের প্রতিটি দলই অন্তত একটি করে জয় তুলে নিয়েছে। তবে পাঁচ ম্যাচ শেষেও কোনো জয় তুলে নিতে পারেনি তিন আসরের চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) আসরের ২২তম ম্যাচে মুখোমুখি হয়েছিল টেবিলের তলানীতে থাকা দুই দল চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে কলকাতাকে ৩২ রানে হারিয়ে আসরের দ্বিতীয় জয় তুলে নিয়েছে চেন্নাই।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে চেন্নাই। আগের ম্যাচে সেঞ্চুরি হাকিয়ে দলকে জেতানো সঞ্জু স্যামসন এ ম্যাচেও সর্বোচ্চ রান করেন। অল্পের জন্য ফিফটি মিস করা এই ওপেনার ৩২ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৮ রানের ইনিংস খেলেন।

ব্যাট হাতে সর্বোচ্চ রান করেন স্যামসন। ছবি- সিএসকে
দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান আসে দেওয়াল্ড ব্রেভিসের ব্যাট থেকে ২৯ বলে ৪ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজান এই প্রোটিয়া ব্যাটার। ১৭ বলে ৬ চার ও ২ ছক্কায় ৩৮ রানের ঝোড়ো ক্যামিও খেলেন আয়ুশ মার্থে। এছাড়া সরফরাজ খান ১৮ বলে ২৩ এবং শিবম দুবে ১২ বলে ১৩ রান করেন। চেন্নাইয়ের হয়ে কার্তিক তিয়াগি ২টি এবং সুনীল নারিন, অনুকুল রয় ও বৈভব আরোরা একটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়ে কলকাতার ব্যাটাররা। দলীয় ৯০ রানেই ৯ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে সফরকারীরা। ওপেনিংয়ে নেমে ১ রানেই বিদায় নেন ফিন অ্যালেন। আরেক ওপেনার সুনীল নারিনের ব্যাট থেকে আসে ১৭ বলে ২৪ রান।
তিনে নেমে ২২ বলে ২৮ রান করেন অধিনায়ক আজিঙ্কা রাহানে। চারে নামা আংকৃষ রঘুবংশীর ব্যাট থেকে আসে ১৯ বলে ২৭ রান। ৮৫ রানে ৪ উইকেট পতনের পর মিডল অর্ডারে দিকে তাকিয়ে ছিল কলকাতা। তবে ক্যামেরন গ্রিন ও রিংকু সিং হতাশ করেছেন। রিংকু ১২ বলে ৬ এবং গ্রিন গোল্ডেন ডাকে বিদায় নেন। তখনই ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় কেকেআর।
শেষদিকে রামানদীপ সিংয়ের ২৩ বলে ৩৫ এবং রোবমান পাওয়েলের ২২ বলে ৩১ রানের অপরাজিত ইনিংসে ভর করে টেনেটুনে ১৬০ রানের বেশি করতে পারেনি সফরকারীরা। তাতে ৩২ রানে জয় নিশ্চিত হয় চেন্নাইয়ের।

বল হাতে মূল্যবান ৩টি উইকেট তুলে নেন নূর আহমেদ। ছবি- সিএসকে
চেন্নাইয়ের হয়ে ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন নূর আহমেদ। ৩২ রান দিয়ে ২টি উইকেট নেন আনশুল কম্বোজ। এছাড়া একটি করে উইকেট নেন খলিল আহমেদ ও আকিল হোসেইন।
এই জয়ে একধাপ এগিয়ে টেবিলের আটে উঠে এসেছে চেন্নাই। ৫ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট দলটির। অন্যদিকে কলকাতা ৫ ম্যাচে ৪ হারে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে অবস্থান করছে। তাদের একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।
সংক্ষিপ্ত স্কোর :
চেন্নাই সুপার কিংস : ১৯২/৫ (২০ ওভার)
কলকাতা নাইট রাইডার্স : ১৬০/৭ (২০ ওভার)
ফলাফল : চেন্নাই সুপার কিংস ৩২ রানে জয়ী
ক্রিফোস্পোর্টস/১৫এপ্রিল২৬/বিটি






















