
আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে সোমবার (১২ এপ্রিল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয় মুম্বাই ইন্ডিয়ান্স। তবে ঘরের মাঠে নিজেদের মান বাঁচাতে পারেনি রোহিত-পান্ডিয়ারা। চারশোর বেশি রানের ম্যাচে স্বাগতিকদের ১৮ রানে হারিয়ে আসরের তৃতীয় জয় তুলে নিয়েছে বেঙ্গালুরু।
ওয়াংখেড়েতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪০ রানের বিশাল পুঁজি পায় বেঙ্গালুরু। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২২ রানের বেশি করতে পারেনি মুম্বাই।
এদিন রানতাড়ায় নেমে শুরুটা ভালোই করেছিল মুম্বাই। উদ্বোধনী জুটিতে রায়ান রিকেল্টন ও রোহিত শর্মা মিলে ৩২ বলে ৫৭ রান যোগ করেন। তবে ১৩ বলে ১৯ রান করে রিটায়ার্ড হয়ে মাঠ ছাড়েন রোহিত। এরপর রিকেল্টনও আর বেশিক্ষণ টিকতে পারেননি। অষ্টম ওভারে দলীয় ৭২ রানে সুয়াশ শর্মাকে উইকেট দিয়ে বিদায় নেন তিনি। এই ওপেনারের ব্যাট থেকে আসে ২২ বলে ৩৭ রান।
চারে নেমে তিলক ভর্মা ১ রান করে বিদায় নেন। এরপর হার্দিক ও সূর্যকুমার মিলে ২৭ বলে ৪৭ রান যোগ করেন। তবে একে একে সূর্যকুমার (৩৩) ও হার্দিকের (৪০) বিদায়ে ১৪৫ রান ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় স্বাগতিকরা।
পরবর্তীতে ৩১ বলে ১ চার ও ৯ ছক্কায় ৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শেরফান রাদারফোর্ড। তবে জয়ের জন্য এই ইনিংস যথেষ্ট ছিল। তাতে কেবলই ব্যবধান কমাতে সক্ষম হয়েছে মুম্বাই। শেষ পর্যন্ত ২২২ রানে থামে তাদের ইনিংস। বেঙ্গালুরুর হয়ে ৪ ওভারে ৪৭ রান দিয়ে ২টি উইকেট নেন শুয়াস শর্মা। এছাড়া একটি করে উইকেট নেন জ্যাকব ডাফি, রাশিখ সালাম ও ক্রুনাল পান্ডিয়া।

তিন জয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে বেঙ্গালুরু। ছবি- বিসিসিআই
এর আগে ব্যাট করতে নেমে বেঙ্গালুরুর হয়ে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ফিল সল্ট। ৩৬ বলে ৬ চার ও ৬ ছক্কায় ইনিংসটি সাজান এই ইংলিশ তারকা। ফিফটি হাঁকান ওপেনিংয়ে নামা কোহলিও। ৩৮ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫০ রান করেন তিনি।
তিনে নেমে দুর্দান্ত এক ইনিংস খেলেন রজত পতিদর। ২০ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন বেঙ্গালুরু অধিনায়ক। এছাড়া শেষদিকে ১৬ ৩৪ রানের অপরাজিত ক্যামিও খেলেন অজি তারকা টিম ডেভিড। মুম্বাইয়ের হয়ে একটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, হার্দিক পান্ডিয়া, মিচেল স্যান্টনার ও শার্দুল ঠাকুর।
সংক্ষিপ্ত স্কোর :
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : ২৪০/৪ (২০ ওভার)
মুম্বাই ইন্ডিয়ান্স : ২২২/৫ (২০ ওভার)
ফলাফল : বেঙ্গালুরু ১৮ রানে জয়ী
ক্রিফোস্পোর্টস/১৩এপ্রিল২৬/বিটি



















