
ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনা মেনে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছিলো কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। পরে ফিজের ওই জায়গায় কাকে খেলাবে তা নিয়ে ছিল অনিশ্চয়তা। কিন্তু দূর হয়েছে সেই জল্পনা। জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দলে ভিড়িয়েছে কেকেআর।
যদিও পাকিস্তান সুপার লিগ-পিএসএলেও দল পেয়েছিলেন মুজারাবানি। ইসলামাবাদ ইউনাইটেডের সাথে চুক্তি থাকা সত্ত্বেও আসন্ন পিএসএল থেকে নিজেকে সরিয়ে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলার প্রস্তাব পেয়ে পিএসএল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আইপিএলের নিলামে ৯.২০ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিলো কেকেআর। কিন্তু গত ডিসেম্বরে বিসিসিআইয়ের নির্দেশে রিটেনশন থেকে কাটার মাস্টারকে ছেড়ে দিতে বাধ্য হয় দলটি। তবে কিছুদিন পরই পিএসএলে দল পান মুস্তাফিজ। পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতাবেন।
অন্যদিকে, মুস্তাফিজের ছেড়ে যাওয়া শূন্যস্থান পূরণে জিম্বাবুয়ের মুজারাবানিকে দলে ভিড়িয়েছে কেকেআর। বিশ্বকাপে নজরকাড়া বোলিং করে আইপিএলে দল পেয়েছেন তিনি। তবে পিএসএলে নিষেধাজ্ঞার শঙ্কা রয়েছে তার।
মুজারাবানি শুরুতে পিএসএল নিলামে অবিক্রিত থাকলেও পরে সরাসরি চুক্তিতে ইসলামাবাদ ইউনাইটেডে যোগ দিয়েছিলেন। এখন টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে দল ছাড়ায় তার ওপর নেমে আসতে পারে শাস্তির খড়্গ। গত বছর দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার করবিন বশ একইভাবে পিএসএল ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ায় তাকে এক মৌসুমের জন্য নিষিদ্ধ করেছিল পিএসএল কর্তৃপক্ষ।
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কাকে হারিয়ে চমক লাগিয়ে সুপার এইটে উঠেছিল জিম্বাবুয়ে। এই সাফল্যের নেপথ্যে বড় কারিগর ছিলেন মুজারাবানি। ৬ ম্যাচে ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্টের অন্যতম সফল বোলার ছিলেন তিনি। সূত্র: ক্রিকবাজ
ক্রিফোস্পোর্টস/১৪মার্চ২৬/এজে




















