Connect with us
ক্রিকেট

মুস্তাফিজের বদলি হিসেবে কেকেআরের ভাবনায় জিম্বাবুয়ের পেসার

Blessing Muzarabani named Mustafizur Rahman's replacement at KKR
মুস্তাফিজুর রহমান ও ব্লেসিং মুজারবানি। ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসর শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) শিবিরে বড়সড় রদবদলের আভাস পাওয়া গেছে। বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানকে আগেই হারিয়েছে দলটি, তিনি ইতোমধ্যে পাকিস্তান লিগে নাম লিখিয়েছেন। তাকে ছাড়াই রণকৌশল সাজাচ্ছে কেকেআর কর্তৃপক্ষ। তবে মুস্তাফিজের বিকল্প হিসেবে এক পেসারকে দলে ভেড়াতে চলেছে নাইটরা।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, কেকেআর শিবিরে এখন সবচেয়ে বড় নাম জিম্বাবুয়ের দীর্ঘদেহী পেসার ব্লেসিং মুজারবানি। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে মুজারবানি তার গতির জাদু ও বাউন্সে রীতিমতো ত্রাস সৃষ্টি করেছেন। বিশেষ করে ভারতের বিপক্ষে ম্যাচে তার বিধ্বংসী বোলিং নজর কেড়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর।

ইডেন গার্ডেনের পিচে মুজারবানির মতো পেসার মারাত্মক কার্যকর হতে পারেন বলে মনে করছে কেকেআর থিঙ্কট্যাঙ্ক। তবে আফগানিস্তানের ফজলহক ফারুকীর নাম আলোচনায় থাকলেও দৌড়ে এগিয়ে আছেন মুজারবানিই।



অপরদিকে নতুন পেসার আসার খবরের মাঝেই কিছুটা দুশ্চিন্তায় কেকেআর। হাঁটুর অস্ত্রোপচারের কারণে অনিশ্চিত হয়ে পড়েছেন তরুণ পেসার হর্ষিত রানা। তবে দলটির জন্য স্বস্তির খবর, বিশ্বকাপে চোট পাওয়া শ্রীলঙ্কান গতিদানব মাথিশা পাথিরানাকে ১৮ মার্চ থেকে শুরু হওয়া অনুশীল শিবিরে পাওয়া যাবে বলে আশা করছে দলটি।

এবারের আইপিএল নিলামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তুমুল লড়াই শেষে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপি মূল্যে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়লেও সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিশেষ নির্দেশনায় কেকেআর তাদের স্কোয়াড থেকে এই বাঁহাতি পেসারকে বাদ দিতে বাধ্য হয়েছে।

মুস্তাফিজের মতো একজন অভিজ্ঞ বাঁহাতি পেসারকে হারানো কলকাতার জন্য বড় ক্ষতি। তবে ফিজের বদলি হিসেবে জিম্বাবুয়ের গতি দানব ব্লেসিং মুজারবানি বা আফগান পেসার ফজলহক ফারুকীকে দলে ভিড়িয়ে সেই ঘাটতি পূরণ করতে চাইছে কেকেআর।

ক্রিফোস্পোর্টস/৪মার্চ২৬/এসএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট