
নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। এরপর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন দলের তারকা ফরোয়ার্ড নেইমার। তাঁর এই সিদ্ধান্তে হতাশ ভক্তদের মতো কষ্ট পেয়েছেন বাবা নেইমার সিনিয়রও। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি লিখেছেন তিনি। সেখানে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ফুটবল খেলা চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।
চিঠির শুরুতে ছেলের দীর্ঘ ফুটবল যাত্রার কথা স্মরণ করেন নেইমার সিনিয়র। তিনি লেখেন, ছোটবেলায় পায়ে বল নিয়ে স্বপ্ন দেখা সেই ছেলেকে আজকের অবস্থানে পৌঁছাতে দেখে তিনি গর্বিত। নেইমারের সাফল্যের পেছনে শুধু প্রতিভা নয়, সৃষ্টিকর্তার বিশেষ পরিকল্পনাও ছিল বলে বিশ্বাস তাঁর। তিনি জানান, ছেলের সুখ-দুঃখের প্রতিটি মুহূর্তে পাশে থাকার সুযোগ পাওয়া তাঁর জীবনের বড় প্রাপ্তি।
চিঠিতে নেইমার সিনিয়র বলেন, ফুটবলই তাঁর ছেলের সবচেয়ে প্রিয় জায়গা। তাই সব ধরনের চাপ, সমালোচনা কিংবা প্রত্যাশার বাইরে থেকে আবারও মাঠে ফিরে খেলাটি উপভোগ করার আহ্বান জানান তিনি। তাঁর মতে, এখনো নেইমার সুস্থ আছেন এবং সৃষ্টিকর্তা তাঁকে আবারও ফুটবল খেলার সুযোগ দিয়েছেন। সেই সুযোগকে কাজে লাগানো উচিত।
নেইমারের বাবা আরও বলেন, একটি সিদ্ধান্ত কখনো একজন মানুষের পুরো গল্প নির্ধারণ করে না। কোনো স্বপ্ন পূরণ না হলেও সেটি শেষ হয়ে যায় না। তাঁর বিশ্বাস, নেইমারের ফুটবল অধ্যায় এখনো শেষ হয়নি। তাই তিনি ছেলেকে আবারও মাঠে নেমে নিজের স্বাভাবিক খেলায় ফিরতে এবং সমর্থকদের আনন্দ দিতে অনুরোধ জানান।
চিঠির শেষ অংশে ছেলের প্রতি নিজের নিঃশর্ত ভালোবাসার কথাও তুলে ধরেন নেইমার সিনিয়র। তিনি লেখেন, পৃথিবীর মানুষ ভালোবাসার আগেই সৃষ্টিকর্তা নেইমারকে ভালোবেসেছেন। ছেলের জন্য জীবনে যত ত্যাগ, কষ্ট, নির্ঘুম রাত আর প্রার্থনা করেছেন, সুযোগ পেলে তিনি সবকিছু আবারও করতে প্রস্তুত।
ক্রিফোস্পোর্টস/৭জুলাই২৬/টিএ




















