
হ্যারি কেইনের দুর্দান্ত মৌসুম যেন থামছেই না। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে চলতি মৌসুমে গোলের পর গোল করে যাচ্ছেন ইংল্যান্ডের অধিনায়ক। সর্বশেষ বিশ্বকাপে ডি আর কঙ্গোর বিপক্ষে জোড়া গোল করার পর এক মৌসুমে সর্বোচ্চ গোলের তালিকায় তিনি পেছনে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। এখন তাঁর সামনে রয়েছেন শুধু লিওনেল মেসি।
বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে ডি আর কঙ্গোর বিপক্ষে ইংল্যান্ড ২–১ ব্যবধানে জয় পায়। দলের দুই গোলই করেন কেইন। ম্যাচের শেষ ১৫ মিনিটে তাঁর জোড়া গোলেই নিশ্চিত হয় ইংল্যান্ডের শেষ ষোলো। এর মধ্যে ৮৬তম মিনিটে করা জয়সূচক গোলটি ছিল দারুণ মানের।
ম্যাচ শেষে কেইনের ভূয়সী প্রশংসা করেন তাঁর সতীর্থ অ্যান্থনি গর্ডন। তিনি বলেন, কেইন এমন একটি মৌসুম কাটাচ্ছেন, যা এক মৌসুমে গোল করার দিক থেকে লিওনেল মেসি ছাড়া আর কেউ ছাড়িয়ে যেতে পারেননি। গর্ডনের মতে, এই পরিসংখ্যানই প্রমাণ করে কেইন বর্তমানে কতটা উঁচু মানের ফুটবল খেলছেন। জয়সূচক গোলটি নিয়ে তিনি আরও বলেন, কেইন শট নেওয়ার মুহূর্তেই তাঁর মনে হয়েছিল বল জালে জড়াবেই। কারণ এমন গোল নিয়মিত করার সামর্থ্য কেইনের আছে।
ডি আর কঙ্গোর বিপক্ষে জোড়া গোলের সুবাদে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৩-তে উন্নীত করেছেন কেইন। এতে তিনি ছাড়িয়ে গেছেন ব্রাজিলের কিংবদন্তি পেলের ১২ গোলের রেকর্ড। চলতি বিশ্বকাপেও তিনি পাঁচ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাদের একজন। সমান পাঁচ গোল রয়েছে আর্লিং হলান্ডের। আর ছয়টি করে গোল নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে।
চলতি মৌসুমে ৬২ ম্যাচে কেইনের মোট গোল ৭২টি। এর মধ্যে ক্লাবের হয়ে করেছেন ৬১টি এবং ইংল্যান্ডের জার্সিতে ১১টি। ২০১১-১২ মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৬৯ ম্যাচে ৯১ গোল করেছিলেন মেসি, যা এখনো এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড। দুর্দান্ত ছন্দে থাকা কেইনের সামনে এখন সেই রেকর্ডের কাছাকাছি পৌঁছানোর সুযোগ রয়েছে।
ক্রিফোস্পোর্টস/২জুলাই২৬/টিএ






















