
জার্মান ফুটবলের মৌসুমটা দারুণভাবেই শেষ করলেন হ্যারি কেইন। শেষ লিগ ম্যাচের পর এবার জার্মান কাপের ফাইনালেও হ্যাটট্রিক করেছেন এই ইংলিশ তারকা। তার তিন গোলেই স্টুটগার্টকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। এর মাধ্যমে চলতি মৌসুমে লিগ ও কাপ, দুই শিরোপাই ঘরে তুললো জার্মান ক্লাবটি।
শনিবারের ফাইনালের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। তবে বিরতির পর পুরো ম্যাচের চিত্র বদলে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠের বাইরে উত্তেজনা তৈরি হয় গ্যালারিতে। জার্মান ফুটবল ফেডারেশনের নতুন নিরাপত্তা পরিকল্পনার প্রতিবাদে দুই দলের সমর্থকেরাই ব্যানার প্রদর্শন করেন। পরে আতশবাজি ও ধোঁয়ার কারণে কিছু সময়ের জন্য খেলা বন্ধও থাকে।
এমন পরিস্থিতির মধ্যেই ৫৫ মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন হ্যারি কেইন। মাইকেল অলিসের বাড়ানো বল থেকে ডাইভিং হেডে গোল করেন তিনি। এরপর আরও কয়েকটি সুযোগ তৈরি করে বায়ার্ন। লুইস দিয়াস, জামাল মুসিয়ালা ও কেইন একের পর এক আক্রমণ চালাতে থাকেন।
ম্যাচের দ্বিতীয় গোলটিও করেন কেইন। দিয়াসের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর প্রতিপক্ষের একজন রক্ষণভাগের খেলোয়াড়কে কাটিয়ে শক্ত শটে বল জালে পাঠান তিনি। এতে ম্যাচ পুরোপুরি বায়ার্নের নিয়ন্ত্রণে চলে যায়।
শেষদিকে পেনাল্টি থেকে নিজের তৃতীয় গোল করেন কেইন। অলিসের বাড়ানো বল প্রতিপক্ষের এক খেলোয়াড়ের হাতে লাগলে পেনাল্টি পায় বায়ার্ন। সেখান থেকে সহজেই বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ইংল্যান্ড অধিনায়ক।
এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বায়ার্নের হয়ে কেইনের গোলসংখ্যা এখন ৬১। তার ধারাবাহিক পারফরম্যান্সে আগেই লিগ শিরোপা নিশ্চিত করেছিল বায়ার্ন। এবার কাপ জয়ের মাধ্যমে মৌসুম শেষ করলো আরও একটি সাফল্য দিয়ে।
ম্যাচ শেষে কেইন বলেন, দল হিসেবে তারা পুরো মৌসুমে একসঙ্গে লড়াই করেছে বলেই এই সাফল্য এসেছে। ফাইনালে হ্যাটট্রিক করা নিজের জন্য বিশেষ স্মৃতি হয়ে থাকবে বলেও জানান তিনি।
ক্রিফোস্পোর্টস/২৪মে২৬/টিএ























