Connect with us
ক্রিকেট

পিসিবিকে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার পরামর্শ কামরান আকমলের

KAMRAN AKMOL
কামরান আকমল। ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তকে সমর্থন জানালেন সাবেক পাকিস্তানি তারকা ক্রিকেটার কামরান আকমল। সেই সাথে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে পিসিবিকে সরে না আসার আহ্বান জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার। একই সঙ্গে বাংলাদেশ ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অবস্থান নিয়েও তীব্র সমালোচনা করেছেন তিনি।

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনার জেরে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশের সরে দাঁড়ানোর পর পাকিস্তানও একই ধরনের অবস্থান নেয়। ম্যাচ বয়কটের পর ভবিষ্যৎ চিন্তা করে পিসিবিকে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসতে বলে আইসিসি।

তবে এর জবাবে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নও পিসিবি। এই অবস্থায় পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার কামরান আকমল বলেছেন, পিসিবির উচিত শক্ত অবস্থানে থাকা। ইউটিউব চ্যানেল গেম প্ল্যানে আকমাল বলেন, ‘পিসিবির পিছু হটা উচিত নয়। আইসিসি বলছে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে। কিন্তু এশিয়া কাপ যখন হাইব্রিড মডেলে হলো, তখন কি আইসিসি ঘুমাচ্ছিল? যখন ভারত বলেছিল পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলবে না, শুধু নিরপেক্ষ ভেন্যুতে খেলবে, তখন কি আইসিসি ঘুমাচ্ছিল?’



নিরাপত্তা শঙ্কা থাকার পরও পাকিস্তান ভারতে খেলতে গেলেও ভারত তা করেনি উল্লেখ করে আকমল বলেন, ‘কতবার পাকিস্তান দল ভারতে খেলতে গেছে। আমি নিজেও গিয়েছি। আইসিসির এসব বিষয় তিন বছর আগেই ভাবা উচিত ছিল।’

ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ না খেলার পেছনে রাজনীতিকে দায়ী করেছেন আকমল। সেইসাথে ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে আইসিসির পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করেন তিনি।  আকমাল বলেন, ‘দুই দেশ বহু বছর দ্বিপক্ষীয় সিরিজ খেলছে না। সেটাও কি রাজনীতি নয়? তখন কি আইসিসির মনে হয়নি রাজনীতি বন্ধ করা দরকার?’

সরকার থেকে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণার পর আইসিসি এক বিবৃতিতে বলে,  আইসিসি পিসিবির আনুষ্ঠানিক বার্তার অপেক্ষায় রয়েছে। তবে সূচি অনুযায়ী সব দলকে সমান শর্তে অংশ নিতে হয়। নির্বাচিতভাবে অংশগ্রহণ বৈশ্বিক টুর্নামেন্টের মৌলিক ধারণার সঙ্গে সাংঘর্ষিক।

ক্রিফোস্পোর্টস/৩ফেব্রুয়ারি২৬/এআই

Crifosports announcement

Focus

More in ক্রিকেট