
স্কটল্যান্ডের মাটিতে বাংলাদেশ ও নেদারল্যান্ডসকে নিয়ে চলছে নারীদের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। যদিও সিরিজের শুরুটা আশানুরূপ হয়নি বাংলাদেশের। প্রথম দুই ম্যাচেই হেরে গেছে টাইগ্রেসরা। তবে দল হারলেও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিসহ বেশ কয়েকজন ক্রিকেটার।
আজ মঙ্গলবার (২ জুন) সাপ্তাহিক হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় উন্নতির মুখ দেখেছেন জ্যোতি। ৪ ধাপ এগিয়ে শীর্ষ বিশে জায়গা করে নিয়েছেন তিনি। ৫৯৭ রেটিং নিয়ে ২০ নম্বরে অবস্থান করছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে ৩৯ বলে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন জ্যোতি। এরপর দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে আরও ভালো করেন তিনি। ৫১ বলে ৫৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন টাইগ্রেস অধিনায়ক। সবমিলিয়ে দুই ইনিংসে ১২৩ গড় ও ১৩৬ স্ট্রাইক রেটে ১২৩ রান করেছেন তিনি। আর তাতেই র্যাঙ্কিংয়ে উন্নতির মুখ দেখেছেন।
ব্যাটারদের তালিকায় একধাপ এগিয়ে ৪৬ নম্বরে উঠে এসেছেন সোবহানা মোস্তারি। এছাড়া ২ ধাপ এগিয়ে ৬০ নম্বরে উঠে এসেছেন স্বর্ণা আক্তার। তবে বড় অবনতি হয়েছে শারমিন আক্তার সুপ্তার। ৯ ধাপ পিছিয়ে ৪৭ নম্বরে নেমে গেছেন এই ব্যাটার। এছাড়া দিলারা আক্তার ২ ধাপ পিছিয়ে ৫৮ নম্বরে নেমে গেছেন।
এদিকে বোলারদের তালিকায় লম্বা লাফ দিয়েছেন ফারিহা তৃষ্ণা। ১৫ ধাপ এগিয়ে ৬২ নম্বরে উঠে এসেছেন তিনি। উন্নতি হয়েছে মারুফা আক্তারেরও। ৫ ধাপ এগিয়ে ৭৪ নম্বরে উঠে এসেছেন এই পেসার। এছাড়া একধাপ করে এগিয়ে সুলতানা খাতুন ৩৬ এবং স্বর্ণা আক্তার ৮৭ নম্বরে অবস্থান করছেন।
তবে অবনতি হয়েছে নাহিদা আক্তারের। দুইধাপ পিছিয়ে ৩২ নম্বরে নেমে গেছেন এই স্পিনার। এছাড়া সানজিদা আক্তার মেঘলা একধাপ পিছিয়ে ৫৮ এবং ঋতু মনি ৫ ধাপ পিছিয়ে ৯৭ নম্বরে নেমে গেছেন।
ক্রিফোস্পোর্টস/২জুন২৬/বিটি




















