
চলতি বছরের জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন এই টুর্নামেন্টের আগে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগ্রেসরা। প্রথমে রাজশাহীতে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ। রাজশাহীর উইকেট বিশ্বকাপের প্রস্তুতির জন্য বেশ সহায়ক হবে বলে মনে করেন টাইগ্রেস কাপ্তান নিগার সুলতানা জ্যোতি।
শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। এই সিরিজের তিনটি ম্যাচই রাখা হয়েছে রাজশাহীতে। এই ভেন্যুর উইকেট বেশ ব্যাটিংবান্ধব। অন্যদিকে ইংল্যান্ডেও সাধারণত ব্যাটিং সহায়ক উইকেটেই খেলা হয়ে থাকে। সেই লক্ষ্যেই এই সিরিজের ম্যাচগুলো রাখা হয়েছে রাজশাহীতে। যেখানে ব্যাটাররাই বেশি সুবিধা পান। জ্যোতির বিশ্বাস, এখানে খেলেই বিশ্বকাপের জন্য নিজেদের ভালোভাবে প্রস্তুত করতে পারবেন।

ওয়ানডে সিরিজের ট্রফির সঙ্গে দুই দলের অধিনায়ক। ছবি- বিসিবি
আগামীকাল থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। তার আগে আজ জ্যোতি বলেন, ‘আমরা বিশ্বকাপ খেলার জন্য ইংল্যান্ডে যাব। ওখানে উইকেটগুলো ব্যাটিং বান্ধব বেশি হয়। কিছু কিছু জায়গা আছে যেখানে স্পিনটা অনেক বেশি সাহায্য করে দলগুলোকে। তাই আমরা ওটা চাইনি। আমরা চেয়েছি যে একটা ভালো ব্যাটিং বান্ধব উইকেট যেখানে ব্যাটাররা বেশি সুবিধা পাবে কারণ রান করার অভ্যাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’
জ্যোতির মতে রান বেশি হলে দর্শকরাও খেলা দেখে মজা পান। তাই তিনি চান দুই দলই বেশি রান করুক। জ্যোতি বলেন, ‘আমার কাছে এ পর্যন্ত মনে হয় রাজশাহীর উইকেট আসলে যেভাবে কাজ করে ব্যাটারদের জন্য সেটাখুব ভালো । আর আমি চাইব যে দুই পক্ষ থেকে অনেক বেশি রান হোক, কারণ রান যখন হবে তখন দর্শকরা মাঠে এসে খেলা দেখে খুব পছন্দ করবে।’
এছাড়া আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের প্রস্তুতি নিয়ে টাইগ্রেস কাপ্তান বলেন, ‘এটা আমাদের এফটিপির প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। তাই এই সিরিজের প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেটা বিবেচনা করেই শক্তিশালী দল ঘোষণা করা হয়েছে। আমরা বিকেএসপিতে ক্যাম্প করেছি, ওখানে অনেক ভালো প্রস্তুতি ছিল।’
আগামীকাল (সোমবার) প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দল। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/১৯এপ্রিল২৬/বিটি




















