
পারল না বাংলাদেশ নারী দল। এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার কাছে টি-টোয়েন্টি সিরিজ হারল টাইগ্রেসরা। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সিরিজ বাঁচানোর লক্ষ্যে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে লঙ্কানদের কাছে ২১ রানের ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন জ্যোতি। আগে ব্যাট করতে নেমে চামারি আথাপাথুথু ও হারশিতা সামারাবিক্রমার দুর্দান্ত ব্যাটিংয়ে দেড়শোর্ধ্ব রানের পুঁজি পায় লঙ্কানরা। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে দলটি।
লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন সামারাবিক্রমা। তার ২৯ বলের এই দুর্দান্ত এই ইনিংস ৪ চার ও ২ ছক্কার মার ছিল। আগের ম্যাচে ফিফটি হাঁকিয়েছিলেন তিনি। অধিনায়ক আথাপাথুথুর ব্যাট থেকে আসে ৩৭ বলে ৪২ রান। এছাড়া ইমেশা দুলানি ২৫ বলে ২৭ এবং নিলাকশি ডি সিলভা ১৮ বলে ২২ রানের ক্যামিও খেলেন। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার ও ঋতু মনি।
রানতাড়ায় নেমে শুরুটা ভালোই করছিল বাংলাদেশ। পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪৬ রান তুলে নেয় তারা। তবে সপ্তম ওভারেই বিদায় নেন দিলারা আক্তার। ২৩ বলে ২৩ রান করেন তিনি। এরপর শারমিন আক্তার সুপ্তা ও জুয়াইরিয়া ফেরদৌস মিলে ২১ রান যোগ করেন। দলীয় ৬৭ রানের মাথায় বিদায় নেন জায়াইরিয়া। ২৩ বলে ২৯ রান করেন এই ওপেনার।
পরবর্তীতে শারমিন একাই লড়াই চালিয়ে যান। তবে অপরপ্রান্তে নিগার সুলতানা জ্যোতি (৭) এবং সোবহানা মোস্তারিরা (০) তাকে যোগ্য সঙ্গ দিতে ব্যর্থ। উইকেট হারানোর চাপে শারমিনের রান তোলার গতিও কমে যায়। যার ফলে দলীয় শতরানে পৌঁছাতেই ১৭ ওভার লেগে যায় বাংলাদেশের।
শেষ ৩ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ৪৮ রান। তবে ১৮তম ওভারে বিদায় নেন স্বর্ণাও (১২)। ওই ওভারে মাত্র ৪ রান এসেছিল। শেষ দুই জয়ের জন্য ৪৪ রান দরকার ছিল বাংলাদেশের। তবে শারমিন ও ঋতু মিলে কেবল ২২ রান তুলতে সক্ষম হয়। তাতে ১৩৩ রানেই থামে বাংলাদেশের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২টি উইকেট নেন কাভিশা দিলহারি। তবে বাকি তিনটি ছিল রানআউট।
বাংলাদেশের এই হারে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। আগামী শনিবার (২ মে) সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলঙ্কা নারী দল : ১৫৪/৪ (২০ ওভার)
বাংলাদেশ নারী দল : ১৩৩/৫ (২০ ওভার)
ফলাফল : শ্রীলঙ্কা নারী দল ২১ রানে জয়ী
ক্রিফোস্পোর্টস/৩০এপ্রিল২৬/বিটি




















