
নতুন কোচিং প্যানেলের অধীনে নতুনভাবে শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। বাংলাদেশের শুরুটাই হবে সান মারিনোর বিপক্ষে এক ঐতিহাসিক ম্যাচ দিয়ে। কেননা প্রথমবারের মতো ইউরোপের মাটিতে ইউরোপিয়ান কোনো দলের বিপক্ষে খেলতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ইউরোপের মাটিতে এই ঐতিহাসিক প্রীতি ম্যাচ সামনে রেখে আজ (রোববার) সান মারিনোর উদ্দেশ্যে উড়াল দিয়েছে বাংলাদেশ দল। কোচিং স্টাফসহ ক্যাম্পে থাকা স্কোয়াডের সকল ফুটবলাররাই একযোগে রওনা হয়েছেন।
তবে বাফুফের ক্যাম্পে ছিলেন না হামজা চৌধুরী ও সামিত সোম। হামজা ইংল্যান্ড থেকে সরাসরি সান মারিনোতে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। অন্যদিকে সামিত সোমও কানাডা থেকে সরাসরি সান মারিনোতে এসে দলের সঙ্গে যোগ দেবেন। আগামী মঙ্গলবার জামাল-মোরসালিনদের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের।
এদিকে সান মারিনোর উদ্দেশ্যে উড়াল দেওয়ার নিজের অনুভূতি প্রকাশ করেছেন দলের তারকা ডিফেন্ডার তপু বর্মণ। প্রথমবার ইউরোপে খেলতে যাওয়া নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। এই ঐতিহাসিক ম্যাচে দেশবাসীকে জয় উপহার দিতে চান তিনি। তপু বলেন, ‘আমরা প্রথমবার ইউরোপে খেলতে যাচ্ছি। তাই সবাই বেশ উচ্ছ্বসিত। আমরা সান মারিনোকে হারিয়ে দেশবাসীকে ঈদের উপহার দিতে চাই।’

দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি তপু বর্মণ। ছবি- বাফুফে
সান মারিনো ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৩০ ধাপ পিছিয়ে। তবে তারা ইউরোপিয়ান দল হওয়ায় হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করেন তপু। এই ম্যাচে নিজেদের সেরাটা দিতে চান তারা।
তপু বলেন, ‘তারা ফিফা র্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে পিছিয়ে থাকলেও তাদের অনেক ফুটবলার ইউরোপে খেলে। আবার তারা নিয়মিত ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে খেলে। তাই তাদের বিপক্ষে আমাদের সেরাটা দিয়েই খেলতে হবে।’
আগামী ৫ জুন ফিফা প্রীতি ম্যাচে সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।
ক্রিফোস্পোর্টস/৩১মে২৬/বিটি



















