
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের দিকে বড় নজর রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। ক্রীড়াঙ্গনে উন্নতির লক্ষ্যে গতকালই (শনিবার) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি- নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এবার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান ক্রীড়া কূটনীতিতে যুক্ত হতে যাচ্ছেন।
জাইমা রহমানকে ক্রীড়াঙ্গনে কাজে লাগাতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। জাইমা রহমানকে স্পোর্টস ডিপ্লোম্যাসি বা ক্রীড়া কূটনীতি কাজে লাগানোর কথা জানান আমিনুল। জাইমা রহমান দায়িত্ব নিয়ে কাজ করলে সেটা ক্রীড়াঙ্গনের জন্য একটি বড় পাওয়া হবে বলে মনে করেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
আমিনুল বলেন, ‘গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপকালে তিনি নিজেই আমাকে জাইমা রহমানকে কাজে লাগানোর বিষয়ে নির্দেশনা দিয়েছেন। আমি বলেছি, তিনি যদি দায়িত্ব নিয়ে কাজ করেন তবে সেটি আমাদের জন্য বড় একটি উৎসাহের জায়গা হবে।’
ক্রীড়া কূটনীতির মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক ভালো করা সম্ভব বলে মনে করেন আমিনুল। এশিয়ান ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ক্রীড়া কূটনীতির মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনের দুর্বল দিকগুলো উন্নত করা সম্ভব বলে মনে করেন এই সাবেক ফুটবলার।
আমিনুল বলেন, ‘স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধ বাড়ানো সম্ভব। এশিয়ান ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ক্রীড়া কূটনৈতিক বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের খেলাধুলার সুযোগ-সুবিধা বৃদ্ধি করা যাবে। যেসব জায়গায় আমাদের দুর্বলতা আছে, সেগুলো চিহ্নিত করে কীভাবে সঠিকভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে আমরা ভাবছি।’
ক্রীড়া কূটনীতির গুরুত্ব বিবেচনায় ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আলাদা স্পোর্টস উইং খোলা হয়েছে। দেশের ক্রীড়াঙ্গনে আরও অবদান রাখার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
ক্রিফোস্পোর্টস/৩মে২৬/বিটি






















