
২০২৬ বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র কয়েকদিন বাকি। শিরোপার অন্যতম দাবিদার ফ্রান্সও শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। তবে বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে অপ্রত্যাশিত এক হারের মুখ দেখেছে দিদিয়ের দেশমের দল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে আইভরি কোস্ট।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখার চেষ্টা করে ফ্রান্স। আক্রমণেও ছিল তাদের আধিপত্য। সেই চাপের ফলও পেয়ে যায় তারা প্রথমার্ধেই। রায়ান চেরকির দারুণ এক গোলে এগিয়ে যায় ফরাসিরা। গোলের পর আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি ইউরোপের দলটি।
প্রথমার্ধে পিছিয়ে থাকলেও বিরতির পর ভিন্ন চেহারায় মাঠে নামে আইভরি কোস্ট। তারা দ্রুত আক্রমণে ওঠার পাশাপাশি ফ্রান্সের রক্ষণভাগের ওপর চাপ বাড়াতে থাকে। এর ফলও আসে। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে গুয়েলা দুয়ে গোল করে ম্যাচে সমতা ফেরান। গোল হজমের পর ফ্রান্স ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করলেও আইভরি কোস্ট আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে থাকে।
ম্যাচের শেষ দিকে ফ্রান্সের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে জয়সূচক গোল করেন আমাদ দিয়ালো। তাঁর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আইভরি কোস্ট। শেষ কয়েক মিনিটে ফ্রান্স সমতায় ফেরার চেষ্টা করলেও সফল হতে পারেনি। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে আফ্রিকার দলটি।
বিশ্বকাপের আগে এই জয় আইভরি কোস্টের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে। অন্যদিকে ফ্রান্সের জন্য এটি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নতুন করে ভাবার সুযোগ এনে দিয়েছে। যদিও দলটির খেলোয়াড়রা এই হারকে বড় কোনো সংকট হিসেবে দেখছেন না।
ম্যাচ শেষে ফ্রান্সের মাঝমাঠের খেলোয়াড় অরেলিয়েন চুয়ামেনি বলেন, পরাজয় অবশ্যই হতাশাজনক। তবে দল এখনো প্রস্তুতির পর্যায়ে রয়েছে। একটি ম্যাচের ফল দিয়ে পুরো দলের সামর্থ্য বিচার করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর বিশ্বাস, বিশ্বকাপের মূল মঞ্চে ফ্রান্স নিজেদের সেরা খেলাটাই উপহার দেবে।
তবে দলের প্রধান কোচ দিদিয়ের দেশম শিষ্যদের সতর্ক থাকতে বলেছেন। ম্যাচ শেষে তিনি জানান, দ্বিতীয়ার্ধে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিল, কিন্তু সেটি হারের কারণ হিসেবে দেখার সুযোগ নেই। তাঁর মতে, আইভরি কোস্ট অনেক গতি ও আত্মবিশ্বাস নিয়ে খেলেছে। ফ্রান্সকে আরও উন্নতি করতে হবে এবং বিশ্বকাপের আগে নিজেদের ভুলগুলো শুধরে নিতে হবে।
আগামী ১৬ জুন নিউইয়র্কে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স। তার আগে আইভরি কোস্টের বিপক্ষে এই হার দলটির জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কসংকেত হয়ে থাকল।
ক্রিফোস্পোর্টস/৫জুন২৬/টিএ




















