
ভারত-পাকিস্তান মহারণ ঘিরে দর্শকদের চাহিদা সবসময়ই বেশি। আইসিসির আয়ের একটা বড় অংশ আসে এই ম্যাচ থেকে। কয়েক সপ্তাহের নাটকীয়তার পর ভারতের বিপক্ষে ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এবার ভারতের বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না বলে মনে করেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ ফেব্রুয়ারি। নানা নাটকীয়তার পর ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। তবে মাঠের লড়াইয়ের আগেই এই ম্যাচ নিয়ে কথার লড়াই শুরু হয়ে গেছে।
বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিল পাকিস্তান। ম্যাচ বয়কটের ফলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছিল আইসিসি।
পরে বাংলাদেশের মধ্যস্থতায় ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হয় পাকিস্তান। তবে ম্যাচ মাঠে গড়ানোর আগে থেকেই শুরু হয়েছে দুপক্ষের কথার লাড়াই। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মতে, এই ম্যাচে পাকিস্তানের জন্য ভারতের বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না। আসরের অন্যতম শক্তিশালী দল ভারত বলেও দাবি করেন তিনি।
এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে গাঙ্গুলি বলেন, ‘এই ভারত খুবই শক্তিশালী দল। তাদের হারানো পাকিস্তানের জন্য খুব কঠিন হবে। এটা বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচগুলোর একটি। এই লড়াইয়ে ভারতকে হারানো সহজ হবে না।’
দুদলের মুখোমুখি লড়াই পরিসংখ্যান কথা বলছে ভারতের পক্ষেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের আটবারের দেখায় সাতবারই জয় পেয়েছে ভারত। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ১৬ ম্যাচে ভারতের জয় ১৩টি।
ক্রিফোস্পোর্টস/১১ফেব্রুয়ারি২৬/এআই




























