
বিশ্বকাপ ফাইনালের আগে কঠিন সময় পার করতে হয়েছে ভারতের ব্যাটার ঈশান কিষানকে। ম্যাচের মাত্র দুই দিন আগে সড়ক দুর্ঘটনায় মারা যান তাঁর মামাতো বোন ও ভগ্নিপতি। পরিবারের এই বড় শোকের মধ্যেই তাঁকে মাঠে নামতে হয়েছে দেশের হয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে।
এমন মানসিক অবস্থার মধ্যেও ফাইনালে দারুণ ব্যাটিং করেন ঈশান। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি খেলেন ২৫ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস। শুধু ব্যাটিং নয়, ফিল্ডিংয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ম্যাচে তিনটি কঠিন ক্যাচ নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন।
নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে শিরোপা জয়ের পর ভারতীয় ক্রিকেটাররা যখন মাঠে উদযাপনে ব্যস্ত, তখন ঈশানের মুখে আনন্দের পাশাপাশি ছিল গভীর বিষাদের ছাপ। কারণ, এই সাফল্যের মুহূর্তে পরিবারের দুই প্রিয় মানুষ আর তাঁর পাশে নেই।
ঘটনার দিন ঈশানের বাবা প্রণভ পান্ডে ছেলের খেলা দেখতে আহমেদাবাদ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পাটনা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার সময়ই পরিবারের ওপর নেমে আসে দুর্ঘটনার খবর। ফলে তাঁকে যাত্রা বাতিল করে শিলিগুঁড়ি যেতে হয়। ছেলের খেলা দেখতে যাওয়ার বদলে তখন তাঁকে মরদেহ নেওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে।
ম্যাচের আগে এক সাক্ষাৎকারে প্রণভ পান্ডে বলেন, পরিবার খুব কঠিন সময়ের মধ্যে আছে। ঈশানও পরিবারের কাছে যেতে চেয়েছিলেন। কিন্তু দলের গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় তাঁকে মাঠেই থাকতে হয়েছে। পরিবারের এই শোক তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে বলেও জানান তিনি।
ফাইনালে অর্ধশতক করার পর ঈশানের উদযাপন ছিল একটু ভিন্ন। তিনি প্রথমে ড্রেসিং রুমের দিকে ব্যাট তুলে ধরেন, এরপর আকাশের দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। অনেকের ধারণা, এই ইনিংস তিনি তাঁর বোন ও ভগ্নিপতির স্মৃতির উদ্দেশেই উৎসর্গ করেছেন।
কঠিন ব্যক্তিগত পরিস্থিতির মধ্যেও নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করেছেন ঈশান। দলের জয়ে তাঁর এই পারফরম্যান্স ভারতের শিরোপা জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ক্রিফোস্পোর্টস/৯মার্চ২৬/টিএ






















