Connect with us
ক্রিকেট

ব্যাটে কি সত্যিই ‘এআই চিপ’ লাগানো, যা বললেন সূর্যবংশী

Vaibhav
বৈভব সূর্যবংশী। ছবি: সংগৃহীত

মাত্র ১৫ বছর বয়সেই ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বৈভব সূর্যবংশী। ধারাবাহিক দারুণ ব্যাটিংয়ে তিনি এখন প্রতিপক্ষ বোলারদের জন্য বড় চ্যালেঞ্জ। খুব অল্প সময়েই টি-টোয়েন্টি ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়ে এই কিশোর ব্যাটারকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে নানা আলোচনা।

সম্প্রতি তাঁর ব্যাট নিয়ে নতুন এক গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকেই মজা করে বলতে শুরু করেন, সূর্যবংশীর ব্যাটে নাকি বিশেষ প্রযুক্তি বসানো আছে, যা তাঁকে অন্যদের চেয়ে আলাদা করে তুলছে।

এই আলোচনা নিয়ে রাজস্থান রয়্যালসের প্রকাশিত এক ভিডিওতে সরাসরি প্রশ্ন করা হয় সূর্যবংশীকে। জবাবে হাসিমুখে তিনি বলেন, তাঁর ব্যাটে আলাদা কিছু নেই, ঈশ্বরের আশীর্বাদই তাঁর সবচেয়ে বড় শক্তি। নিজের স্বাভাবিক খেলাতেই তিনি সফল হচ্ছেন বলে জানান এই তরুণ ক্রিকেটার।



মূলত হায়দরাবাদের বিপক্ষে ৩৬ বলে সেঞ্চুরি করার পর তাঁর ব্যাটিং নিয়ে আলোচনা আরও বেড়ে যায়। সেই ম্যাচের পর অনেকেই তাঁর অসাধারণ পারফরম্যান্স নিয়ে বিস্ময় প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য ছড়িয়ে পড়ে, যা পরে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সংখ্যার দিক থেকেও সূর্যবংশীর সাফল্য বিস্ময়কর। ২০ বছরে পৌঁছানোর আগেই স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কার মালিক এখন তিনিই। তাঁর ছক্কার সংখ্যা ৯৯, যা এই বয়সে অন্য যে কোনো ক্রিকেটারের চেয়ে বেশি।

এছাড়া সবচেয়ে কম বয়সে এবং দ্রুততম সময়ে এক হাজার টি-টোয়েন্টি রান পূরণের কৃতিত্বও গড়েছেন তিনি। অল্প বয়সেই সূর্যবংশীর এই সাফল্য প্রমাণ করছে, তিনি শুধু সম্ভাবনাময় নন, বরং আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ বড় তারকাদের একজন হয়ে উঠতে পারেন। তাঁর ব্যাটিং এখন ক্রিকেটপ্রেমীদের বাড়তি আগ্রহের কারণ হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, বেশ কিছুদিন আগে সূর্যবংশী হায়দরাবাদের বিপক্ষে ৩৬ বলে সেঞ্চুরি করার পর ‘এআই চিপের’ বিষয়টি উঠে আসে পাকিস্তানি ক্রিকেট বিশ্লেষক ড. নোমান নিয়াজের মন্তব্যে।

সূর্যবংশীর অবিশ্বাস্য ব্যাটিং দেখে তিনি রসিকতা করে বলেছিলেন, এই কিশোরের ব্যাট পরীক্ষা করা উচিত এবং তাকে ল্যাবে পাঠানো দরকার। যেভাবে ডোপ টেস্ট করা হয় সেভাবেই। তিনি দাবি করেন, সূর্যবংশীর ব্যাটিং এতটাই ‘বাস্তবতার ওপরে’ যে তার ব্যাটে নিশ্চিতভাবেই কোনো এআই চিপ রয়েছে। নোমান নিয়াজের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে।

ক্রিফোস্পোর্টস/৩০এপ্রিল২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট