
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিশ্বকাপে খেলতে রাজি হয়েছে ইরান। আজ (শনিবার) ইরানের ফুটবল ফেডারেশন জানিয়েছে, আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নেবে তারা। তবে একইসঙ্গে তিন আয়োজক দেশকে বেশকিছু শর্তও দিয়েছে ইরান।
ইরানিয়ান ফুটবল ফেডারেশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বলেছে, আমরা ২০২৬ বিশ্বকাপে অবশ্যই অংশ নেবো। কিন্তু আমাদের উদ্বেগগুলোও আয়োজকদের বিবেচনায় নিতে হবে। আমরা টুর্নামেন্টে অংশ নেব ঠিকই, কিন্ত আমাদের বিশ্বাস, সংস্কৃতি ও দৃঢ় প্রত্যয় থেকে একচুলও নড়ব না।
শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ইরানিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহদি তাজ জানিয়েছেন, আয়োজকদের কাছে সদাচরণের আশ্বাস চেয়ে ১০টি শর্ত দিয়েছে ইরান।
এর মধ্যে রয়েছে ভিসা প্রদানের বিষয়টি। টুর্নামেন্ট চলাকালে খেলোয়াড় ও স্টাফদের কোনো জটিলতা ছাড়াই ভিসা প্রদান করতে হবে। ইরানের জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি সম্মান দেখাতে হবে। এছাড়া বিমানবন্দর, হোটেল ও স্টেডিয়ামে যাওয়ার পথে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন আইআরজিসি-এর সঙ্গে সম্পর্কিত কোনো ইরানিয়ান প্রতিনিধিদলের সদস্যদের দেশটিতে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের বিরুদ্ধেও শর্ত দিয়েছে ইরান। মেহদি তারেমি ও এহসান হাজসাফির মতো খেলোয়াড়দের আইআরজিসিতে সামরিক দায়িত্ব পালন করেছে। তাদের ভিসা নিশ্চিতের বিষয়েও জোর দিয়েছে ইরান।
ইরানিয়ান ফুটবল প্রধান বললেন, ‘সব খেলোয়াড় ও টেকনিক্যাল স্টাফ, বিশেষ করে যারা আইআরজিসিতে সামরিক দায়িত্ব পালন করেছে, মেহদি তারেমি ও এহসান হাজসাফির মতো খেলোয়াড়দের কোনো ঝামেলা ছাড়াই ভিসা প্রদান করতে হবে।’
বিশ্বকাপে ইরান রয়েছে গ্রুপ-জি তে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে তাদের সবগুলো ম্যাচই হবে যুক্তরাষ্ট্রের মাটিতে। সূচি অনুযায়ী, আগামী ১৬ জুন ক্যালিফর্নিয়ার লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইরান। ২১ জুন একই মাঠে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম। এরপর ২৭ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওয়াশিংটনের সিয়াটল স্টেডিয়ামে মিশরের মুখোমুখি হবে দেশটি।
ক্রিফোস্পোর্টস/৯মে২৬/বিটি






















