
আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে বড় অনিশ্চয়তা রয়েছে। চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলতে নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরেছে তারা। তবে এরই মধ্যে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো জানিয়েছে, বিশ্বকাপে অংশ নেবে ইরান।
সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে এমন খবর জানিয়েছে আল জাজিরা, দ্য গার্ডিয়ান, বিবিসি, দ্য নিউ ইয়র্ক টাইমসের মতো সংবাদমাধ্যমগুলো।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) তুর্কিতে কোস্টা রিকার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছে ইরান। সেখানে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি। সেখানে তিনি এএফপিকে বলেন, ‘ইরান বিশ্বকাপে অংশ নেবে…এজন্যই আমরা এখানে।’
তিনি আরও বলেন, ‘আমরা আনন্দিত কারণ তারা খুবই শক্তিশালী একটি দল, আমি খুব খুশি। আমি দলটা দেখেছি, খেলোয়াড় এবং কোচের সঙ্গে কথা বলেছি, সবকিছু ঠিকাছে।’
চলতি মাসের শুরুতে ইরানের ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা বিশ্বকাপ ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার জন্য ফিফার সঙ্গে আলোচনা করছে। তবে ফিফা সভাপতি জানিয়েছে, ইরানের ম্যাচগুলো সূচি অনুযায়ী নির্ধারিত ভেন্যুতেই হবে। তিনি বলেন, ‘ম্যাচগুলো ড্র অনুযায়ী যেখানে হওয়ার কথা সেখানেই অনুষ্ঠিত হবে।’
বিশ্বকাপে ইরান রয়েছে গ্রুপ-জি তে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে তাদের সবগুলো ম্যাচই রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের মাটিতে।
সূচি অনুযায়ী, ১৬ জুন ক্যালিফর্নিয়ার লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে ইরানের। এরপর ২১ জুন একই মাঠে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম। এরপর ২৭ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওয়াশিংটনের সিয়াটল স্টেডিয়ামে মিশরের মুখোমুখি হওয়ার কথা রয়েছে ইরানের।
ক্রিফোস্পোর্টস/৩১মার্চ২৬/বিটি





















