Connect with us
ফুটবল

ট্রাম্প স্বাগত জানালেও যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলবে না ইরান

Iran Football Team
২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান। ছবি- সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব পড়তে যাচ্ছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। চলতি বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের জের ধরেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইরান। ডিপিএ- এর সাথে এক সাক্ষাৎকারে বিশ্বকাপে অংশ না নেওয়ার কথা জানিয়েছেন ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ ডোয়ানমালি। খবর মার্কা

অনেকদিন ধরেই উত্তাল মধ্যপ্রাচ্য। তবে এই সংঘাত তীব্র হওয়ার পর থেকেই গুঞ্জন উঠেছিল, আসন্ন বিশ্বকাপে অংশ নেবে না ইরান। তবে যুক্তরাষ্ট্রে খেলার জন্য ইরানকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ প্রসঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো বলেন, ইরানের বর্তমান পরিস্থিতি এবং ইরানের বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছি। ট্রাম্প তাকে আশ্বস্ত করেছেন যে, ইরান দলকে বিশ্বকাপে স্বাগত জানানো হবে।



তবে ট্রাম্প স্বাগত জানালেও যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলবে না ইরান। এক টেলিভিশন সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ইরানের ক্রীড়ামন্ত্রী ডোয়ানমালি। তিনি বলেন, ‘এই দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের নেতাকে হত্যা করেছে। তাই এমন পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেব না। আমাদের ওপর আট-নয় মাসের ব্যবধানে দুইটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। এতে আমাদের হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এই অবস্থায় আমাদের অংশগ্রহণের কোনো সুযোগ নেই।’

এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আগামী ১১ জুন মেক্সিকোতে স্বাগতিক দেশ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই টুর্নামেন্টের। এরপর ১৯ জুলাই যুক্তরাষ্ট্রে ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে। প্রথমবারের মতো ৪৮ দেশ নিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপ।

ক্রিফোস্পোর্টস/১১মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল