
বিশ্বকাপ সামনে রেখে নতুন করে আলোচনায় এসেছে ইরান জাতীয় ফুটবল দলের খেলার ভেন্যু। যুক্তরাষ্ট্রে ম্যাচ না খেলে মেক্সিকোতে খেলার ইচ্ছা জানিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। এ বিষয়ে ইতিমধ্যে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন ফেডারেশনের সভাপতি মেহদি তাজ।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ইরান বিশ্বকাপে অংশ নিতে পারলেও তাদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হতে পারে। তার এই মন্তব্যের পরই বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবতে শুরু করে তেহরান।
মেক্সিকোতে থাকা ইরান দূতাবাসের সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহদি তাজ বলেন, যদি আয়োজক দেশই নিরাপত্তা দিতে না পারে, তাহলে সেখানে গিয়ে খেলা সম্ভব নয়। তাই তারা চায়, ইরানের ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজন করা হোক। এই বিষয়ে জানতে চাইলে এখনো কোনো মন্তব্য করেনি ফিফা।
আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে। সূচি অনুযায়ী ইরানের গ্রুপ পর্বের দুটি ম্যাচ হওয়ার কথা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস এবং একটি সিয়াটল শহরে।
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিও এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। ইরান ও ইসরায়েলকে ঘিরে সংঘাত, যুক্তরাষ্ট্রের বিমান হামলা এবং দেশের সর্বোচ্চ নেতার মৃত্যুর ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
এর আগেই ইরানের ক্রীড়ামন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন, বর্তমান অবস্থায় যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপে খেলা কঠিন হতে পারে। তাই এখন প্রশ্ন উঠছে, ভেন্যু পরিবর্তন না হলে ইরান আদৌ বিশ্বকাপে খেলবে কি না।
তবে এশিয়ান ফুটবল কনফেডারেশন এখনো আশাবাদী। সংস্থাটির সাধারণ সম্পাদক উইন্ডসর জন জানিয়েছেন, এখন পর্যন্ত ইরান বিশ্বকাপে অংশ নেবে বলেই তাদের কাছে তথ্য রয়েছে।
এর আগে বলা হয়েছিল বিশ্বকাপ থেকে কোনো দল নাম তুলে নিলে সেই মহাদেশ থেকেই বিকল্প দল নেওয়া হয়। ফিফা–এর নিয়মেও এ বিষয়ে কিছু নির্দেশনা আছে। নিয়ম অনুযায়ী, যে দল সরে দাঁড়ায় তার জায়গায় সংশ্লিষ্ট মহাদেশের রানার–আপ দল অথবা বিশ্বকাপে সরাসরি সুযোগ না পাওয়া সর্বোচ্চ র্যাঙ্কিংধারী দল সুযোগ পেতে পারে।
ক্রিফোস্পোর্টস/১৭মার্চ২৬/টিএ
























