Connect with us
ফুটবল

বিশ্বকাপ নিয়ে ট্রাম্পের বক্তব্যের পাল্টা জবাব দিল ইরান

Iran football team
ইরান ফুটবল দল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর তিন মাসও বাকি নেই। কিন্তু ইরান আদৌ আসরে খেলবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন। এর জবাবে ইরানও কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। ফলে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিই মূলত এই অনিশ্চয়তার কারণ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর যে সংঘাত শুরু হয়েছে, তা ইতিমধ্যে দ্বিতীয় সপ্তাহে পৌঁছেছে। এই সংঘাত এখন শুধু আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ নেই। এর প্রভাব বৈশ্বিক ক্ষেত্রেও পড়তে শুরু করেছে। স্বাভাবিকভাবেই এর ছায়া পড়েছে আসন্ন বিশ্বকাপ ফুটবলেও।

আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপের আসর। এবার যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।



যুদ্ধ পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ইরান। সেই প্রেক্ষাপটে ট্রাম্প বলেন, ইরান বিশ্বকাপে খেলবে কি না তা নিয়ে তিনি খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না।

তবে পরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বৈঠকের পর কিছুটা ভিন্ন সুর শোনা যায়। তিনি জানান, ইরানকে বিশ্বকাপে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। কিন্তু এর মধ্যেই আবার ট্রাম্প বলেন, নিজেদের জীবন ও নিরাপত্তার কথা বিবেচনা করলে ইরানের বিশ্বকাপে অংশ না নেওয়াই ভালো।

ট্রাম্পের এই বক্তব্যের পর ইরানও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে। বৃহস্পতিবার ইরান জাতীয় ফুটবল দলের সরকারি সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত কোনো ব্যক্তি বা একটি দেশের হাতে নেই।

বিবৃতিতে বলা হয়, বিশ্বকাপ একটি আন্তর্জাতিক আয়োজন এবং এর নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাই কোনো দেশ এককভাবে সিদ্ধান্ত নিয়ে অন্য কোনো দলকে এই আসর থেকে সরিয়ে দিতে পারে না।

ইরান আরও জানিয়েছে, ধারাবাহিক ভালো ফলের মাধ্যমে তারা বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। তাই এই আসর থেকে তাদের বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই।

একই সঙ্গে আয়োজক দেশের নিরাপত্তা ব্যবস্থার দিকেও ইঙ্গিত করেছে ইরান। তাদের বক্তব্য, বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করা আয়োজকদের দায়িত্ব। সেই দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারলে প্রশ্ন উঠতে পারে আয়োজকদের যোগ্যতা নিয়েও।

এর আগে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরান দলকে বিশ্বকাপে স্বাগত জানানো হবে। তবে তাদের নিরাপত্তা বিবেচনায় সেখানে থাকা তাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, যদি কোনোভাবে যুক্তরাষ্ট্র ইরান দলকে প্রবেশের অনুমতি না দেয়, তাহলে ফিফা কঠোর পদক্ষেপ নিতে পারে। অতীতে এমন উদাহরণও আছে। কয়েক বছর আগে একটি বয়সভিত্তিক বিশ্বকাপ আয়োজনের অধিকার একটি দেশের কাছ থেকে কেড়ে নিয়ে অন্য দেশে সরিয়ে নেয় ফিফা।

সূচি অনুযায়ী, আগামী ১৫ জুন ক্যালিফোর্নিয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ইরান। এরপর ২১ জুন একই মাঠে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে মিসরের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তাদের।

ক্রিফোস্পোর্টস/১৩মার্চ২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল