
বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। এর মধ্যেই নিজেদের বেজক্যাম্প পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ইরান ফুটবল দল। আগে যুক্তরাষ্ট্রে অবস্থান করার পরিকল্পনা থাকলেও এখন দলটি মেক্সিকোতে থেকে বিশ্বকাপ খেলবে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ। আন্তর্জাতিক ফুটবল সংস্থাও তাদের এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে।
বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলের জন্য একটি করে নির্ধারিত বেজক্যাম্প থাকে। মূলত পুরো টুর্নামেন্টজুড়ে অনুশীলন, বিশ্রাম এবং প্রস্তুতির কেন্দ্র হিসেবেই এই জায়গা ব্যবহার করা হয়। ম্যাচ শেষে দলগুলো আবার নিজেদের বেজক্যাম্পে ফিরে যায়।
শুরুতে ইরানের বেজক্যাম্প নির্ধারণ করা হয়েছিল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টুকসনে। কিন্তু শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বদলে ফেলেছে দেশটি। এখন তারা অবস্থান করবে মেক্সিকোর সীমান্তবর্তী শহর টিজুয়ানায়। শহরটি মেক্সিকোতে হলেও যুক্তরাষ্ট্র সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় যাতায়াতে সুবিধা হবে বলে মনে করছে ইরান ফুটবল ফেডারেশন।
ফার্স নিউজ সংস্থায় প্রকাশিত এক ভিডিও বার্তায় মেহদি তাজ বলেন, ভিসা জটিলতার কারণে তারা বেজক্যাম্প পরিবর্তনের আবেদন করেছিল এবং সেই আবেদন আন্তর্জাতিক ফুটবল সংস্থা গ্রহণ করেছে। তিনি জানান, টিজুয়ানায় দলের থাকার সব প্রস্তুতিও প্রায় শেষ।
তাজের কথা অনুযায়ী, নতুন এই সিদ্ধান্তে ইরান দলের যাতায়াত সময়ও কমে আসবে। বিশেষ করে লস অ্যাঞ্জেলেসে যে দুটি ম্যাচ রয়েছে, সেগুলোর জন্য টিজুয়ানা থেকে খুব অল্প সময়েই পৌঁছানো সম্ভব হবে। আগে টুকসন থেকে যাতায়াতে বেশি সময় লাগত।
ইরানের জন্য এবারের বিশ্বকাপ শুরু থেকেই কিছুটা অস্বস্তির হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক উত্তেজনার কারণে দেশটির বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও একসময় অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে অবশ্য সব জটিলতা কাটিয়ে বিশ্বকাপে অংশ নেওয়ার প্রস্তুতি চালিয়ে যাচ্ছে দলটি।
এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তবে ইরানের তিনটি গ্রুপ ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা। এরপর ২১ জুন বেলজিয়ামের মুখোমুখি হবে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২৬ জুন মিসরের বিপক্ষে মাঠে নামবে ইরান।
বর্তমানে ইরান দল তুরস্কের আন্টালিয়ায় অনুশীলন করছে। বিশ্বকাপের প্রস্তুতির পাশাপাশি খেলোয়াড়দের ভিসা প্রক্রিয়াও চলছে। দলের কয়েকজন সদস্য সম্প্রতি আঙ্কারায় যুক্তরাষ্ট্র দূতাবাসে গিয়ে ভিসার আবেদন জমা দিয়েছেন।
আগামী ১১ জুন পর্দা উঠবে বিশ্বকাপের ২৩তম আসরের। বিশ্বের সেরা দলগুলোর লড়াইয়ের আগে ইরানের বেজক্যাম্প পরিবর্তনের এই সিদ্ধান্ত এখন আলোচনায় এসেছে ফুটবল অঙ্গনে।
ক্রিফোস্পোর্টস/২৪মে২৬/টিএ






















