
এবারের আইপিএলে গ্রুপ পর্ব যত শেষ দিকে, প্লে-অফের লড়াই ততটাই জমে উঠেছে। ১০ দলের টুর্নামেন্টে ইতোমধ্যে বিদায় ঘণ্টা বেজে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টসের। বাকি ৮টি স্থানের জন্য চলছে লড়াই। পয়েন্ট তালিকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। এছাড়া লড়াইয়ে টিকে আছে কলকাতা নাইট রাইডার্সও।
গাণিতিক হিসেবে প্লে-অফে ওঠার দৌড়ে এগিয়ে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (৯৪.৮২%)। বিরাট কোহলিদের হাতে রয়েছে ৩টি ম্যাচ। এর মধ্যে একটি জিতলেই তাদের প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে। এছাড়া সমীকরণ প্রায় একই সানরাইজার্স হায়দরাবাদের (৯১.৭৪%)। প্যাট কামিন্সরাও একটি জয় পেলেই প্লে-অফের টিকিট পেয়ে যাবে।
লড়াইয়ে টিকে আছে গুজরাত-পঞ্জাব
শুভমন গিলের গুজরাত টাইটান্স (৮৭.৫৩%) নেট রানরেটে কিছুটা পিছিয়ে থাকায় ৩টির মধ্যে অন্তত দুটি জয় লক্ষ্য রাখছে। অন্যদিকে, এক ম্যাচ কম খেলে সুবিধাজনক জায়গায় রয়েছে পঞ্জাব কিংস (৮৪.৬৯%)। বাকি ৪ ম্যাচের মধ্যে ২টি জিতলেই শ্রেয়স আয়ারের দল প্লে অফে জায়গা করে নিতে পারে।
চাপে ধোনির চেন্নাই ও রাজস্থান
চেন্নাই সুপার কিংস (৫৮.৪৭%) এবং রাজস্থান রয়্যালস (৫৪.৩৩%); দুই দলের জন্যই সমীকরণ এক। প্লে-অফে যেতে হলে বাকি ৩ ম্যাচের মধ্যে অন্তত ২টি করে ম্যাচ জিততেই হবে। তবে রাজস্থানের ক্ষেত্রে নেট রানরেট বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
কেকেআরের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের স্বপ্ন
কলকাতা নাইট রাইডার্সের সমর্থকদের জন্য অঙ্কটা বেশ কঠিন। কেকেআরের প্লে-অফে ওঠার সম্ভাবনা মাত্র ১৯.৮৪%। তাদের হাতে আছে ৪টি ম্যাচ এবং প্রতিটি ম্যাচেই জিততে হবে। একটি হারলেই শেষ হয়ে যাবে নাইটদের এবারের আইপিএল স্বপ্ন।
বিদায়ের পথে দিল্লি
দিল্লি ক্যাপিটালস খাতায়-কলমে টিকে থাকলেও তাদের সম্ভাবনা মাত্র ৮.৪১%। ৩টি ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে ১৪, যা প্লে-অফের জন্য যথেষ্ট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
ক্রিফোস্পোর্টস/১১মে২৬/এসএ




















