Connect with us
ক্রিকেট

দেড় যুগ পর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বগুড়ায় ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

Bagura Shaheed Chandu stadium
বগুড়ায় ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় দেড় যুগ পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটের আয়োজন হতে যাচ্ছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের এক দিনের সিরিজ খেলতে জিম্বাবুয়ে ‘এ’ দল বগুড়ায় আসছে। বুধবার সফরকারী দলটি বগুড়ায় পৌঁছে একটি আবাসিক হোটেলে অবস্থান নেবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বগুড়ায় পৌঁছানোর পর বৃহস্পতিবার সকাল থেকে শহীদ চান্দু স্টেডিয়ামে অনুশীলন শুরু করবে জিম্বাবুয়ে দল। আগামী ৭ জুন পর্যন্ত তারা নিয়মিত অনুশীলন করবে। অন্যদিকে বাংলাদেশ ‘এ’ দলের ৬ জুন বগুড়ায় পৌঁছানোর কথা রয়েছে।

সূচি অনুযায়ী, ৮ জুন শহীদ চান্দু স্টেডিয়ামে সিরিজের প্রথম এক দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। একদিন বিরতির পর ১০ জুন একই মাঠে হবে দ্বিতীয় ম্যাচ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ১৩ জুন রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর দুই দল সিলেটে গিয়ে দুটি চার দিনের ম্যাচ খেলবে।



দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচ আয়োজনকে সামনে রেখে শহীদ চান্দু স্টেডিয়ামে জরুরি সংস্কারকাজও করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে খেলোয়াড়দের পোশাক পরিবর্তন কক্ষ, কর্মকর্তাদের কক্ষ এবং বিশেষ অতিথিদের গ্যালারিতে নতুন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বসানো হয়েছে। পাশাপাশি পানি ও বিদ্যুৎ সংযোগসহ বিভিন্ন প্রয়োজনীয় সুবিধা সচল করার কাজও সম্পন্ন করা হয়েছে।

শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ব্যবস্থাপক জামিলুর রহমান জানিয়েছেন, জিম্বাবুয়ে দল বুধবার বগুড়ায় পৌঁছাবে এবং পরদিন থেকে অনুশীলন শুরু করবে। মাঠ ও স্টেডিয়ামের প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। তিনি বলেন, এটি ‘এ’ দলের আন্তর্জাতিক ম্যাচ হলেও বগুড়ার ক্রিকেটের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। ভবিষ্যতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া গেলে পুরো স্টেডিয়ামের ব্যাপক সংস্কারের উদ্যোগ নেওয়া হতে পারে।

দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় বগুড়ার ক্রিকেটপ্রেমীদের মধ্যেও দেখা দিয়েছে নতুন উৎসাহ। এখন সবার অপেক্ষা মাঠে খেলা গড়ানোর।

ক্রিফোস্পোর্টস/৩জুন২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট