Connect with us
ফুটবল

গদি বাঁচাতে অগণতান্ত্রিক দেশগুলোর শরণাপন্ন ইনফান্তিনো

Gianni Infantino
ফিফা সভাপতি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত

ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ব্রাজিলের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফিফার ভেতরে বাড়তে থাকা চাপের মুখে নিজের অবস্থান শক্ত রাখতে এখন নতুন সমর্থক খুঁজছেন ইনফান্তিনো। বিশেষ করে ইউরোপের প্রভাবশালী ফুটবল সংস্থাগুলোর বিরোধিতার পর তিনি ভিন্ন কৌশলে এগোচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি বিশ্বকাপসহ বড় প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব নিয়ে ফিফার বিতর্কিত পরিকল্পনা ঘিরে ইউরোপের বিভিন্ন ফুটবল সংস্থা কঠোর অবস্থান নেয়। পরে পরিকল্পনাটি বাতিল করা হলেও বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেয় উয়েফা। কয়েকটি ইউরোপীয় ফুটবল সংস্থা এবং উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল মহলেও ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে।

এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন দেশের ফুটবল সংস্থার সমর্থনের বার্তা তুলে ধরছেন ফিফা সভাপতি। ও গ্লোবোর দাবি, এসব দেশের মধ্যে রয়েছে মরক্কো, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, শ্রীলঙ্কা ও ভুটান। প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের বড় শক্তিগুলোর বিরোধিতার মধ্যে এসব দেশের সমর্থনকে সামনে এনে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন ইনফান্তিনো।



প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, এসব দেশের বেশ কয়েকটির রাজনৈতিক ব্যবস্থা ও ফুটবল ইতিহাস নিয়েও প্রশ্ন রয়েছে। ফুটবলের মানের দিক থেকে মরক্কো ছাড়া অন্য দেশগুলোর আন্তর্জাতিক সাফল্য খুবই সীমিত। তবু বর্তমান পরিস্থিতিতে তাদের সমর্থনকে গুরুত্ব দিচ্ছেন ফিফা সভাপতি।

বিশেষ করে ২০৩০ বিশ্বকাপের অন্যতম আয়োজক মরক্কো এবং ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতারের সঙ্গে ইনফান্তিনোর ঘনিষ্ঠ সম্পর্কের কথাও উল্লেখ করেছে ব্রাজিলের সংবাদমাধ্যমটি। তাদের বিশ্লেষণ অনুযায়ী, ইউরোপের বড় ফুটবল শক্তিগুলোর সমর্থন ছাড়া ভবিষ্যতে ফিফার নেতৃত্ব ধরে রাখা ইনফান্তিনোর জন্য সহজ হবে না। ফলে আগামী নির্বাচনের আগে বিশ্ব ফুটবলের রাজনীতিতে পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকেই এখন নজর সবার।

ক্রিফোস্পোর্টস/৪আগস্ট২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল