Connect with us
ক্রিকেট

ইংল্যান্ডের কাছে ১২৫ রানের বড় হারে লজ্জার রেকর্ড গড়ল ভারত

India team
ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৭৬ রানে অলআউট হয়ে যায় ভারত। ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের উত্তাপে ক্রিকেট কিছুটা আড়ালে থাকলেও টি-টোয়েন্টি ক্রিকেটে বড় এক হতাশার দিন কাটিয়েছে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ১২৫ রানের বিশাল ব্যবধানে হেরে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়ের রেকর্ড গড়েছে তারা। একই ম্যাচে সবচেয়ে কম সময়ে অলআউট হওয়ার মতো আরেকটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডও যোগ হয়েছে ভারতের নামের পাশে।

মঙ্গলবার ট্রেন্ট ব্রিজে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২০০ রান তোলে ইংল্যান্ড। ফলে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ২০১ রান। তবে শুরু থেকেই চাপে পড়ে যায় সফরকারীরা। নিয়মিত বিরতিতে উইকেট হারানো ভারতীয় ব্যাটারদের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। মাত্র ১১ দশমিক ৪ ওভারে ৭৬ রানে অলআউট হয়ে যায় ভারত। এতে ১২৫ রানের বড় জয় তুলে নেয় ইংল্যান্ড।

এই হারের মাধ্যমে টি-টোয়েন্টিতে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়ের আগের রেকর্ড ভেঙে গেছে। এর আগে ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮০ রানে হেরেছিল তারা। এখন সেই রেকর্ড পেছনে ফেলে সবচেয়ে বড় ব্যবধানে হারের তালিকার শীর্ষে উঠে এসেছে ইংল্যান্ডের বিপক্ষে ১২৫ রানের এই পরাজয়। তালিকায় এরপর রয়েছে ২০২৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৬ রানের হার।



শুধু বড় ব্যবধানেই নয়, দলীয় সংগ্রহেও হতাশাজনক একটি রেকর্ড গড়েছে ভারত। ২০০৮ সালের পর এই প্রথম তারা ১০০ রানের আগেই অলআউট হলো। টি-টোয়েন্টি ইতিহাসে এটি ভারতের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৪ রানে গুটিয়ে গিয়েছিল ভারত।

এ ছাড়া আরেকটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডও গড়েছে তারা। মাত্র ১১ দশমিক ৪ ওভারে সব উইকেট হারিয়েছে ভারত, যা টি-টোয়েন্টিতে তাদের সবচেয়ে কম সময়ে অলআউট হওয়ার ঘটনা। এর আগে ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭ দশমিক ২ ওভারে অলআউট হয়েছিল দলটি। ফলে এক ম্যাচেই একাধিক নেতিবাচক রেকর্ডের সাক্ষী হতে হলো ভারতকে।

ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট