
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। বাংলাদেশের পর এবার ভারতের কাছে হেরে আগেভাগেই বিদায় নিশ্চিত হয়েছে দলটির। তাতে বাংলাদেশকে নিয়ে সেমিফাইনালে উঠেছে ভারত।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ‘বি’ গ্রুপের ম্যাচে পাকিস্তানকে ৩-০ গোলে হারিয়েছে ভারত। তিন দলের এই গ্রুপে পাকিস্তান বাদ পড়ায় এক জয় নিয়েই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশ ও ভারতের।
এর আগে প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। তাতেই সেমিতে এক পা দিয়ে রেখেছিল লাল-সবুজরা। টুর্নামেন্টে টিকে থাকার জন্য গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের কাছে হাড় এড়াতে হতো পাকিস্তানকে। তবে তিন গোল হজম আগে বিদায় নিয়েছে দলটি।

রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারায় বাংলাদেশ। ছবি- সাফ
এই জয়ে বাংলাদেশের সমান ৩ পয়েন্ট হয়েছে ভারতের। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষে অবস্থান করছে ভারত। গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে এবার মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। গ্রুপসেরা হতে এই ম্যাচে ভারতকে হারাতে হবে বাংলাদেশকে। আগামী শনিবার (২৮ মার্চ) মুখোমুখি হবে এই দুই দল।
এদিকে ‘এ’ গ্রুপ থেকে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে নেপাল। ২ ম্যাচে ২ জয় নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। ২ ম্যাচে ১ জয়ে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে শ্রীলঙ্কা। এছাড়া ১ পয়েন্ট নিয়ে যথাক্রমে তিন ও চারে অবস্থান করছে মালদ্বীপ ও ভুটান।
আগামী ২৮ মার্চ ভারত-বাংলাদেশের ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্বের খেলা। এরপর ১ এপ্রিল টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এবং ৩ এপ্রিল ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।
ক্রিফোস্পোর্টস/২৬মার্চ২৬/বিটি


















