
অস্ট্রেলিয়ার কিংবদন্তি নারী ক্রিকেটার অ্যালিশা হিলির বিদায়টা দারুণভাবে রাঙালো অস্ট্রেলিয়া। ওয়ানডেতে ভারতকে হোয়াইটওয়াশের পর একমাত্র টেস্টেও বিশাল জয় তুলে নিয়েছে অজি মেয়েরা।
রোববার (৮ মার্চ) পার্থ টেস্টে ভারতীয় নারী দলকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া নারী দল। আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে ব্যাট হাতে রাঙাতে না পারলেও দলের জয়ে বিদায়টা সুখকর হলো অধিনায়ক হিলির।
এর আগে পার্থে টস হেরে আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি ভারত। প্রথম ইনিংসে ১৯৮ রানেই গুটিয়ে যায় তারা। জেমিজা রদ্রিগেজ ছাড়া ফিফটির দেখা পাননি কেউ। ৫২ রান আসে তার ব্যাট থেকে। এছাড়া শেফালি ভার্মার ৩৫ এবং কাশভী গৌতম ৩৪ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে অ্যানাবেল সাদারল্যান্ড ৪ টি এবং লুসি হ্যামিলটন ৩টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ৩২৩ রান তুলে নেয় অস্ট্রেলিয়া। তাতে ১২৫ রানের লিড পায় তারা। বল হাতে ক্যারিশমা দেখানোর পর ব্যাট হাতেও সেঞ্চুরি তুলে নেন সাদারল্যান্ড। ১২৯ রানের ইনিংস খেলেন এই তারকা। এছাড়া ৭৬ রান আসে এলিস প্যারির ব্যাট থেকে। ভারতের হয়ে ৪ উইকেট নেন সায়ালি সাতঘারে।
১২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরুর পর মাত্র ১৪৯ রানেই গুটিয়ে যায় ভারত। ভারতের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন প্রতিকা রাওয়াল। অস্ট্রেলিয়ার হয়ে ৩টি উইকেট নেন লুসি হ্যামিলটন। এছাড়া ২টি করে উইকেট নেন সাদারল্যান্ড, অ্যালানা কিং, অ্যাশলে গার্ডনার। জবাবে ১০ উইকেট হাতে রেখেই জয়ে বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় ভারত। তবে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ওয়ানডেতে ৩-০তে জয় পায় দলটি। সবশেষ একমাত্র টেস্টেও বড় ব্যবধানে জয় তুলে নেয় হিলির দল।
ক্রিফোস্পোর্টস/৮মার্চ২৬/বিটি





















