
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে গ্যালারি ঠাসা দর্শক, ভিআইপি বক্সে পিসিবি ও বিসিসিআইয়ের শীর্ষ কর্তাদের সরব উপস্থিতি; সব মিলে মঞ্চ প্রস্তুত ছিল টানটান উত্তেজনার লড়াইয়ের জন্য। কিন্তু মাঠের লড়াইয়ে তার ছিটেফোঁটাও দেখা গেল না। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৬১ রানের বড় ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপ থেকে দাপটের সঙ্গে সুপার এইটে পৌঁছে গেল ভারত।
সোমবার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে শুরুতেই চমক দেখিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা। প্রথম ওভারেই অভিষেক শর্মাকে (০) ফিরিয়ে উল্লাসে মেতেছিল টিম পাকিস্তান। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেননি ঈশান কিষান। শুরু থেকেই পাকিস্তানি বোলারদের ওপর চড়াও হন তিনি। মাত্র ২৭ বলে অর্ধশতক তুলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েন এই ওপেনার।
প্যাভিলিয়নে ফেরার আগে ৪০ বলে ৭৭ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন ঈশান। তৃতীয় উইকেটে তিলক বর্মার সঙ্গে গড়েন ৪৬ বলে ৮৭ রানের জুটি। মিডল অর্ডারে সূর্যকুমার যাদব (৩২) ও তিলক বর্মার (২৫) ধীরগতির ব্যাটিংয়ের কারণে রান তোলার গতি কিছুটা কমলেও, শেষ দিকে শিবম দুবের ১৭ বলে ২৭ রানের ক্যামিওতে ৭ উইকেটে ১৭৫ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় ভারত। পাকিস্তানের হয়ে সাইম আইয়ুব ২৫ রানে ৩ উইকেট নেন।
তাসের ঘরের মতো ভেঙে পড়া পাকিস্তান
১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই সাহিবজাদা ফারহানকে হারায় তারা। দ্বিতীয় ওভারে যশপ্রীত বুমরা জোড়া আঘাত হেনে সাইম ও অধিনায়ক সালমানকে বিদায় করলে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় পাকিস্তান। বাবর আজমও (৫) ব্যর্থ হয়ে ফিরে গেলে ৫ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৩৪।
পঞ্চম উইকেটে উসমান খান (৪৪) ও শাদাব খান কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও তা কেবল হারের ব্যবধানই কমিয়েছে। ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে ১৮ ওভারে ১১৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ভারতের হয়ে বুমরা, হার্দিক, অক্ষর ও বরুণ চক্রবর্তী প্রত্যেকেই ২টি করে উইকেট শিকার করেন।
ম্যাচটি দেখতে গ্যালারিতে ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা। আইসিসি ভারত-পাকিস্তানের মধ্যকার বরফ গলানোর চেষ্টা করলেও মাঠের চিত্র ছিল ভিন্ন। বরাবরের মতো এবারও টসের আগে বা পরে হাত মেলাতে দেখা যায়নি দুদলের অধিনায়ককে, যা দুই দেশের বর্তমান ক্রিকেটীয় সম্পর্কের শীতলতাই জানান দিচ্ছে।
ক্রিফোস্পোর্টস/১৬ফেব্রুয়ারি২৬/এসএ



























