
এক মাসব্যাপী ব্যাটে-বলের রোমাঞ্চকর লড়াই শেষে পর্দা নামছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের। আগামীকাল (রোববার) শিরোপা নির্ধারণী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।
ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে নতুন ইতিহাস গড়ার সুযোগ রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সামনে। নিউজিল্যান্ডকে হারালেই প্রথম দেশ হিসেবে টানা দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়বে তারা। তবে এই ইতিহাস গড়ার স্বাগতিকদের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। কেননা ফাইনালের প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপে কোনো জয় নেই ভারতের।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত ৩ বার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। তবে ৩ দেখাতেই নিউজিল্যান্ডের কাছে হেরেছে টিম ইন্ডিয়া। ২০০৭ সালে বিশ্বকাপের প্রথম আসরেই মুখোমুখি হয়েছিল ভারত-নিউজিল্যান্ড। জোহানেসবার্গে হাইস্কোরিং এক ম্যাচে ১০ রানে হেরেছিল টিম ইন্ডিয়া। কিউইদের দেওয়া ১৯১ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৮০ রানের বেশি তুলতে পারেনি ভারত।
দ্বিতীয়বার ঘরের মাঠেই নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। ২০১৬ সালে নাগপুরে এক লজ্জাজনক হার দেখেছিল স্বাগতিকরা। কিউইদের দেওয়া ১২৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭৯ রানেই অলআউট হয়ে যায় ভারত।
দুই দলের সবশেষ সাক্ষাৎ হয়েছিল ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে। দুবাইয়ে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১১০ রানের বেশি তুলতে পারেনি ভারত। জবাবে ৮ উইকেট হাতে রেখেই ম্যাচটি সহজে জিতে নেয় ব্লাকক্যাপসরা।
ফাইনালের আগে ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে এমন পরিসংখ্যান। সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বমঞ্চে যাদের বিপক্ষে কোনো জয়ের দেখা নেই, শিরোপা জিততে ফাইনালে তাদেরকেই হারাতে হবে। অন্যদিকে এমন পরিসংখ্যান আশা জাগাচ্ছে কিউইদেরকেও। ২০২১ আসরের রানার্সআপদের সামনে হাতছানি দিচ্ছে প্রথম শিরোপা।
আগামীকাল রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাইভোল্টেজ ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/৭মার্চ২৬/বিটি





















