
নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে ভারত টানা দ্বিতীয়বার টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। একই সঙ্গে এটি তাদের তৃতীয় টি–টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা। আরেকটি বিশেষ কীর্তিও গড়েছে তারা টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম স্বাগতিক দেশ শিরোপা জিতল।
ম্যাচের শুরু থেকেই ছিল ভারতের দাপট। আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা তোলে ২৫৫ রান। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এর আগে এত বড় সংগ্রহ কখনো হয়নি। এত রান তাড়া করে জিততে হলে নিউজিল্যান্ডকে নতুন ইতিহাস গড়তে হতো।
ভারতের হয়ে শুরুটা করেন সঞ্জু স্যামসন ও অভিষেক। দ্রুত রান তুলে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান তারা। মাত্র ১৮ বলে অর্ধশতক করেন অভিষেক। আর স্যামসন খেলেন ৪৬ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংস। এবারের বিশ্বকাপে টানা তিন ম্যাচে অর্ধশতক করলেন তিনি।
দুই ওপেনারের দ্রুত রান তোলায় মাত্র ৭ ওভারেই ভারতের সংগ্রহ দাঁড়ায় ৯৮ রান। পরে ঈশান কিষানও দ্রুত অর্ধশতক করেন। একসময় মনে হচ্ছিল ভারতের রান তিন শত ছুঁতে পারে। ১৫ ওভার শেষ হওয়ার আগেই দলীয় রান দুই শত ছাড়িয়ে যায়।
তবে মাঝের দিকে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন নিউজিল্যান্ডের জেমস নিশাম। এক ওভারে তিন উইকেট নিয়ে তিনি ভারতের রানের গতি কিছুটা থামিয়ে দেন। ওই ওভারে স্যামসন, কিষান ও সূর্যকুমার যাদবকে ফেরান তিনি। তারপরও শেষ ওভারে শিবম দুবের দুটি ছক্কা ও তিনটি চারে ভারত তাদের সংগ্রহ ২৫৫ রানে নিয়ে যায়।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন টিম সাইফার্ট। অধিনায়ক মিচেল স্যান্টনার করেন ৪৩ রান।
ভারতের বোলারদের মধ্যে যশপ্রীত বুমরা সবচেয়ে সফল ছিলেন। তিনি ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং ভেঙে দেন। অক্ষর প্যাটেল নেন ৩ উইকেট। শেষ পর্যন্ত ১৯ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।
ফলে ৯৬ রানের বড় ব্যবধানে জয় পেয়ে শিরোপা জেতে ভারত। ফাইনালে দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচসেরা হয়েছেন যশপ্রীত বুমরা। পুরো আসরে ধারাবাহিক ব্যাটিংয়ের স্বীকৃতি হিসেবে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন সঞ্জু স্যামসন।
ক্রিফোস্পোর্টস/৯মার্চ২৬/টিএ





















