
পাকিস্তান-ভারত ম্যাচ ঘিরে চলা জল্পনার অবসান ঘটালেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি জানিয়েছেন, বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
বুধবার মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, পাকিস্তান ভেবেচিন্তে নেওয়া নীতিগত অবস্থান থেকেই এই সিদ্ধান্তে পৌঁছেছে। তিনি বলেন, খেলাধুলার ময়দানে রাজনীতির স্থান নেই এ অবস্থানেই অনড় রয়েছে ইসলামাবাদ।
প্রশ্ন উঠেছিল, ম্যাচটি যেহেতু ভারতের মাটিতে নয়, শ্রীলঙ্কায় হওয়ার কথা, তাহলে বয়কট কেন? সরকারপ্রধানের বক্তব্যে পরিষ্কার, বিষয়টি ভেন্যুর নয়; বরং সাম্প্রতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করেই সিদ্ধান্ত।
নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে আগেই ভারতে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। পরে আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করলে বিতর্ক তীব্র হয়। এই সিদ্ধান্তকে অসম ও অসঙ্গতিপূর্ণ বলে সমালোচনা করে পাকিস্তান।
সূত্রগুলোর মতে, প্রথমে পুরো টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়ানোর প্রস্তাব উঠেছিল পাকিস্তানে। তবে শেষ পর্যন্ত সরকার সীমিত অংশগ্রহণের অনুমতি দেয়। সেই সঙ্গে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় নির্ধারিত ভারত-পাকিস্তান ম্যাচে না খেলার সিদ্ধান্তে সিলমোহর পড়ে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভি ও প্রধানমন্ত্রীর বৈঠকের পর বিষয়টি চূড়ান্ত হয়।
শেহবাজ শরীফ বৈঠকে বলেন, বাংলাদেশের পাশে দাঁড়ানো পাকিস্তানের জন্য যথাযথ সিদ্ধান্ত। তাঁর দাবি, খেলার মাঠকে রাজনৈতিক টানাপোড়েনের বাইরে রাখতেই এই অবস্থান।
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। টুর্নামেন্টের সবচেয়ে বড় বাণিজ্যিক আকর্ষণ হিসেবে বিবেচিত ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আইসিসিও চাপে রয়েছে। পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া হবে, এখন সেদিকেই নজর ক্রিকেট বিশ্বের।
এর আগে ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচটি বয়কট করা হলে টুর্নামেন্টের অফিশিয়াল সম্প্রচারক জিওস্টার আইনি পদক্ষেপ নিতে পারে। আইসিসির সঙ্গে করা সম্প্রচার চুক্তিতে ভারত–পাকিস্তান ম্যাচ অন্তর্ভুক্ত ছিল, এবং সেই হিসাবেই বিপুল অঙ্কের অর্থ পরিশোধ করা হয়েছে। চুক্তি ভঙ্গ হলে ক্ষতিপূরণ দাবি করার অধিকার সম্প্রচারকদের রয়েছে।
ক্রিফোস্পোর্টস/৫ফেব্রুয়ারি২৬/টিএ





























