Connect with us
ফুটবল

‘আমি বিধ্বস্ত, এভাবে হারাটা খুবই কষ্টের’ : হ্যারি কেইন

আর্জেন্টিনার কাছে হেরে হতাশ কেইন। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে ফাইনালের স্বপ্ন শেষ হয়েছে ইংল্যান্ডের। ম্যাচের বেশির ভাগ সময় এগিয়ে থেকেও শেষ মুহূর্তে দুই গোল হজম করে বিদায় নিতে হয়েছে দলটিকে। এমন হারের পর নিজের হতাশার কথা লুকাননি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন।

ম্যাচ শেষে কেইন বলেন, এই হার শুধু তার জন্য নয়, পুরো দলের জন্যই খুব কষ্টের। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সমর্থকদের কথা মনে করেই সবচেয়ে বেশি খারাপ লাগছে তার। তিনি বলেন, ‘আমি বিধ্বস্ত। আমরা এই জায়গায় পৌঁছাতে অনেক পরিশ্রম করেছি। ম্যাচের বেশির ভাগ সময় ভালো খেলেছি, আগে গোলও করেছি। কিন্তু শেষ পর্যন্ত ফলটা আমাদের পক্ষে আসেনি।’

কেইনের মতে, গোল করার পর থেকেই ইংল্যান্ড ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তিনি বলেন, শুরুতে তারা প্রতিপক্ষকে চাপে রেখেছিলেন এবং বলের দখলও ধরে রেখেছিলেন। কিন্তু এগিয়ে যাওয়ার পর আর্জেন্টিনা আরও বেশি খেলোয়াড় নিয়ে আক্রমণে ওঠে। সেই চাপ সামলাতে পারেনি ইংল্যান্ড। শেষ পর্যন্ত রক্ষণে অনেক চেষ্টা করেও হার এড়ানো যায়নি।



ইংল্যান্ড অধিনায়ক মনে করেন, তার দল সাফল্যের খুব কাছাকাছি পৌঁছেছিল। পুরো বিশ্বকাপেই ভালো ফুটবল খেলেছে তারা। আবারও সেমিফাইনালে ওঠাও বড় অর্জন। তবে শিরোপা জিততে যে সামান্য পার্থক্য গড়ে দিতে হয়, সেটিই এখনো তাদের দলে নেই বলে মন্তব্য করেন তিনি।

বিশ্বকাপ থেকে বিদায় নিলেও ইংল্যান্ডের সামনে এখনও একটি ম্যাচ বাকি। আগামী ১৮ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচ জিতে অন্তত তৃতীয় স্থান নিশ্চিত করে বিশ্বকাপ শেষ করতে চাইবে হ্যারি কেইনের দল।

আর্জেন্টিনা অবশ্য এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে। আগামী রোববার শিরোপার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ইংল্যান্ডের জন্য এবারও অপেক্ষা বাড়ল প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ফেরার।

ক্রিফোস্পোর্টস/১৬জুলাই২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল