Connect with us
ক্রিকেট

অস্ট্রেলিয়ায় ভালো খেললে আরও সিরিজ খেলার সুযোগ আসবে: শান্ত

সংবাদ সম্মেলনে টেস্ট অধিনায়ক শান্ত। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাওয়ার আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে সেই আত্মবিশ্বাসের সঙ্গে আছে বাস্তবতাও। তাঁর মতে, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে পারাটাই বাংলাদেশের জন্য বড় সুযোগ। এই সুযোগ কাজে লাগাতে পারলে ভবিষ্যতে আরও বেশি সফরের দরজা খুলে যেতে পারে।

মিরপুরে সংবাদ সম্মেলনের শুরুতেই ভিন্ন এক দৃশ্য দেখা যায়। প্রশ্ন শুরুর আগে শান্তই সাংবাদিকদের উদ্দেশে জানতে চান, অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের কাছে তাঁদের প্রত্যাশা কী। একজন সাংবাদিক উত্তর দেন, ‘ভালো খেলা।’ তখন হেসে শান্ত বলেন, ‘এই উত্তরটা আমি দিলে আপনাদের পছন্দ হতো?’ তাঁর এমন মন্তব্যে সংবাদ সম্মেলনে হাসির রোল পড়ে।

পরে নিজের প্রত্যাশার কথাও জানান বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, দলের মূল লক্ষ্য থাকবে ভালো ক্রিকেট খেলা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ যেভাবে খেলছে, সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান তাঁরা। কোনোভাবেই সেই মানের নিচে নামতে চান না।



অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং আক্রমণের প্রশংসা করে শান্ত বলেন, এমন মানের বোলিং ইউনিটের বিপক্ষে খেলার সুযোগ খুব বেশি আসে না। এতদিন টেলিভিশনে দেখেছেন, এবার মাঠে নেমে তাদের মোকাবিলা করার সুযোগ পেয়ে দলের সবাই রোমাঞ্চিত।

চোটের কারণে প্রধান পেসার নাহিদ রানাকে না পাওয়ায় কিছুটা আক্ষেপও আছে শান্তর। তিনি বলেন, নাহিদ দলে থাকলে অবশ্যই ভালো হতো। কিন্তু চোট কারও নিয়ন্ত্রণে থাকে না। এরপরও দলে থাকা পেসারদের ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। শান্তর বিশ্বাস, অস্ট্রেলিয়ার কন্ডিশনেও তাঁদের পক্ষে ২০টি উইকেট নেওয়া সম্ভব।

তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট খেলার সুযোগ বাংলাদেশ খুব বেশি পায় না। তাই এই সিরিজে ভালো পারফরম্যান্স করতে পারলে ভবিষ্যতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও সিরিজ খেলার সুযোগ তৈরি হতে পারে। সেই লক্ষ্য নিয়েই সফরে যাচ্ছে বাংলাদেশ দল।

ক্রিফোস্পোর্টস/৩০জুলাই২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট