
দীর্ঘ অপেক্ষার পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হবে দেশের জনপ্রিয় এই ঘরোয়া ক্রিকেট আসর। আজ ক্লাবগুলোর সঙ্গে বৈঠক শেষে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আসন্ন লিগে খেলোয়াড়দের স্বাস্থ্য নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বোর্ড। গরমের কারণে ক্রিকেটারদের অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি থাকায় প্রতিটি ম্যাচ ভেন্যুতে আইসিইউ সুবিধাসহ অ্যাম্বুলেন্স রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বৈঠক শেষে এ বিষয়ে কথা বলেন হান্নান সরকার। তিনি জানান, সাম্প্রতিক সময়ে মাঠে খেলার সময় অসুস্থ হয়ে পড়ার ঘটনা বেড়েছে। গত বছর প্রিমিয়ার লিগ চলাকালে তামিম ইকবালের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা সবারই জানা। এছাড়া বিভিন্ন পর্যায়ের ক্রিকেটেও এমন কিছু ঘটনা ঘটেছে, যা ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
হান্নান বলেন, মাঠে দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার প্রস্তাব উঠেছিল। সেই অনুযায়ী বোর্ডের পক্ষ থেকে আইসিইউ সুবিধাসহ অ্যাম্বুলেন্স রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, যদি পুরোপুরি আইসিইউ সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স নিশ্চিত করা না যায়, তাহলে সর্বোচ্চ চিকিৎসা সুবিধা দেওয়ার ব্যবস্থা থাকবে।
এদিকে, এবারের লিগে ভেন্যু বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। হান্নান সরকার বলেন, ঢাকার বাইরে বা ঢাকার আশেপাশের কিছু নতুন মাঠ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পিকেএসপি, বিকেএসপি, বসুন্ধরা গ্রাউন্ড, সিলিকন ও ক্রিকেটার্স একাডেমিসহ কয়েকটি ভেন্যু নিয়ে আলোচনা হয়েছে।
সব মিলিয়ে, নতুন মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে বোর্ড। বিশেষ করে খেলোয়াড়দের চিকিৎসা সহায়তা নিশ্চিত করার এই উদ্যোগ ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
ক্রিফোস্পোর্টস/১০এপ্রিল২৬/টিএ






















