
দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন নেইমার জুনিয়র। বড় ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার পরও আর জাতীয় দলে ফেরা হয়নি তার। মূলত ছোট ছোট ইনজুরি ও পারফরম্যান্সে ছন্দপতনের কারণেই সুযোগ মেলেনি জাতীয় দলে। তবে আসন্ন ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে নেইমারকে দেখতে চান অনেকেই। তবে এর জন্য ফিট থাকার পাশাপাশি মাঠের পারফরম্যান্সেও ভালো করতে হবে এই সুপারস্টারকে।
পিএসজি ছেড়ে আল হিলালে পাড়ি জমানোর পর বেশিরভাগ সময়টা ইনজুরিতেই কেটেছে নেইমারের। তাই সৌদি ক্লাবটির হয়ে খুব একটা ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। গত বছর আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে পাড়ি জমান তিনি৷ তবে সান্তোসে এসেও বেশ কয়েকবার ইনজুরিতে পড়েন এই তারকা। ব্রাজিলের সিরি-আ তে মৌসুমের শেষদিকের ম্যাচগুলোতে ইনজুরি নিয়েই খেলেন নেইমার এবং দলকে অবনমনের হাত থেকে রক্ষা করেন।
সান্তোসে এসে একবার ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেলেও ইনজুরিতে পড়ায় চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি তার। চলতি মাসের শেষদিকে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। তার আগে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি। তবে মূল স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে রয়েছে সংশয়।
মূলত ইনজুরির কারণে সান্তোসের হয়ে গত ১১ মার্চ মিরাসলের বিপক্ষে খেলতে পারেননি নেইমার। তবে গতকাল রাতে করিন্থিয়ানসের বিপক্ষে খেলেছেন তিনি। তবে তার পারফরম্যান্স ছিল সাদামাটা। পুরো ম্যাচে একটি অ্যাসিস্ট ব্যাতিত চোখে পড়ার মতো কোনো পারফরম্যান্স দেখাতে পারেননি নেইমার। তার মোট শট ছিল ৩টি এবং পাস ছিল ২৯টি যার মধ্যে ২০টি ছিল সফল।
এমন পারফরম্যান্সের পর নেইমারের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। তবে নেইমার জানান, এটা তার হাতে নেই। তবে তিনি জাতীয় দলে ফেরার লক্ষ্য নিয়েই খেলে যাচ্ছেন।
এ প্রসঙ্গে নেইমার বলেন, ‘আমি জাতীয় দলে ফেরার লক্ষ্যেই কাজ করছি। জাতীয় দলে ফিরে বিশ্বকাপে খেলার খুব ইচ্ছা আমার। তবে এটা আমার হাতে নেই। এই সিদ্ধান্তটা নেবে কোচিং স্টাফ। আমি দলে থাকি বা না থাকি, সব সময়ই জাতীয় দলকে সমর্থন করে যাবো।’
আগামী ২৭ মার্চ ফ্রান্সের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১ এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে তারা। এই ম্যাচ দুটি সামনে রেখে আজ রাতে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে ব্রাজিলের।
ক্রিফোস্পোর্টস/১৬মার্চ২৬/বিটি
























