
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে সর্বোচ্চ চেষ্টা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত মেনেই দল পাঠানো হয়নি বলে জানিয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও কথা বলেছেন তিনি।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। সেই কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে আপত্তি জানায় বাংলাদেশ। বোর্ডের পক্ষ থেকে বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে জানানো হলেও ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর সরকার সিদ্ধান্ত নেয়, দল বিশ্বকাপে যাবে না।
বিশ্বকাপ না খেলাটা ভুল ছিল কি না এমন প্রশ্নের উত্তরে বুলবুল সরাসরি কিছু বলতে চাননি। তিনি বলেন, এ বিষয়ে মন্তব্য না করাই ভালো। তবে চেষ্টা যে কম হয়নি, সেটি তিনি উল্লেখ করেন। একজন সাবেক ক্রিকেটার হিসেবে বিষয়টি তার কাছেও কঠিন ছিল বলে জানান।
বিশ্বকাপে অংশ না নেওয়ার ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সঙ্গে সম্পর্কের কিছুটা অবনতি হয়েছিল। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে দাবি করেছেন বোর্ড সভাপতি। তিনি বলেন, মাঝখানে অনেক কিছু ঘটেছে, যা সব সময় প্রকাশ্যে আসে না। তখন সরকারের যে সিদ্ধান্ত ছিল, সেটিই মেনে নিতে হয়েছে। বর্তমান সরকার দায়িত্বে আসার পর তাদের সিদ্ধান্তও বোর্ড অনুসরণ করছে।
এই ঘটনার বিষয়ে সরকারের পক্ষ থেকে তদন্ত চলছে বলেও জানা গেছে। এ প্রসঙ্গে বুলবুল বলেন, তিনি এ বিষয়ে বিস্তারিত জানেন না, গণমাধ্যমের মাধ্যমেই শুনেছেন। তবে সরকার তদন্ত করতে চাইলে সেটি স্বাভাবিক বলেও মন্তব্য করেন। তার মতে, বিশ্বকাপের জন্য দলও প্রস্তুত ছিল। নির্বাচকরা স্কোয়াড ঠিক করেছিলেন এবং সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন ছিল।
বর্তমান বোর্ডের কার্যক্রম নিয়ে কোনো সংকট দেখছেন না বলেও জানিয়েছেন বুলবুল। তার মতে, বোর্ড নিয়ম মেনেই চলছে। জাতীয় দল খেলছে, মেয়েদের দলও প্রস্তুতি নিচ্ছে। সব মিলিয়ে ক্রিকেটের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে দাবি করেন তিনি।
ক্রিফোস্পোর্টস/৩০মার্চ২৬/টিএ





















