
বাংলাদেশের কাছে টানা দ্বিতীয় টেস্ট হেরে সিরিজ খুইয়েছে পাকিস্তান। সিলেট টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর নিজেদের ব্যর্থতা ও ভুলের কথাই সামনে আনলেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তার মতে, ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ভুল সিদ্ধান্ত ও সুযোগ হাতছাড়া করার কারণেই জয় পাওয়া সম্ভব হয়নি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে আগে ব্যাট করে বাংলাদেশ প্রথম ইনিংসে তোলে ২৭৮ রান। জবাবে পাকিস্তান করে ২৩২ রান। ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ আরও ৩৯০ রান যোগ করলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৩৭ রান। শেষ ইনিংসে লড়াই করেও ৩৫৮ রানে থেমে যায় সফরকারীরা।
ম্যাচ শেষে শান মাসুদ বলেন, চতুর্থ ইনিংসে ৩৬০ রানের কাছাকাছি পৌঁছালে সাধারণত জয়ের আশা করা যায়। তবে আগের ইনিংসগুলোতে করা ভুলই তাদের পিছিয়ে দিয়েছে।
তিনি বলেন, “আমরা অনেক ভুল করেছি। শেষ ইনিংসে এত রান করার পরও ম্যাচ জিততে না পারাটা হতাশার। আমার মনে হয়, প্রথম তিন ইনিংসেই আমরা ম্যাচ থেকে ছিটকে গেছি।”
বাংলাদেশের প্রথম ইনিংসের একটি গুরুত্বপূর্ণ সময়ের কথাও উল্লেখ করেন পাকিস্তান অধিনায়ক। ১১৬ রানে ৬ উইকেট হারানোর পরও বাংলাদেশ বড় সংগ্রহ গড়ে তোলে, যা ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন তিনি।
শানের মতে, “ওদের ১১৬ রানে ৬ উইকেট ছিল। তখন আমরা ম্যাচে এগিয়ে ছিলাম। কিন্তু শেষের দিকের ব্যাটাররা অনেক রান যোগ করেছে। আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি।”
ব্যাটিং নিয়েও হতাশা প্রকাশ করেছেন তিনি। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান একসময় ভালো অবস্থানে ছিল। কিন্তু সেট ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় দল চাপে পড়ে যায়।
শান বলেন, “আমরা ১৪২ রানে ৪ উইকেটে ছিলাম। তখন দুইজন সেট ব্যাটার ক্রিজে ছিল। টেস্ট ক্রিকেটে এমন অবস্থান থেকে বড় জুটি দরকার হয়। কিন্তু আমরা সেটা করতে পারিনি। প্রথম দিকের ভুলগুলোর কারণেই শেষ পর্যন্ত চেষ্টা করেও জয় পাওয়া যায়নি।”
এর আগে মিরপুর টেস্টেও হেরেছিল পাকিস্তান। ফলে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। ঘরের মাঠে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট হোয়াইটওয়াশ।
ক্রিফোস্পোর্টস/২০মে২৬/টিএ



















