Connect with us
ক্রিকেট

এশিয়ার কন্ডিশনে রানার মতো কাউকে বল করতে দেখিনি : ইশ সোধি

“I haven’t seen anyone bowl like Rana in Asian conditions,” said Ish Sodhi.
নাহিদ রানার বোলিংয়ে মুগ্ধ ইশ সোধি। ছবি- সংগৃহীত

বল হাতে গতির ঝলক দেখিয়ে পুরো ক্রিকেট বিশ্বে তাক লাগিয়ে দিয়েছেন টাইগার পেসার নাহিদ রানা। তার গতিময় বোলিং দেখে মুগ্ধ হয়েছেন নিউজিল্যান্ডের তারকা স্পিনার ইশ সোধিও। এশিয়ার কন্ডিশনে তার মতো এভাবে কাউকে বোলিং করতে দেখেননি এই স্পিনার।

টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে আজ শনিবার (২৫ এপ্রিল) চট্টগ্রামে সংবাদ সম্মেলনে আসেন সোধি। এ সময় রানার বোলিং নিয়ে এমন মন্তব্য করেন তিনি। তাছাড়া বাংলাদেশের বোলারদের বিপক্ষে খেলাটা অনেক চ্যালেঞ্জিং হবে বলেও জানান এই তারকা স্পিনার।

রানা গতিময় বোলিং নিয়ে সোধি বলেন, ‘বাংলাদেশি পেসাররা দারুণ করছে। তারা যেভাবে বল করছে, বিশ্বের যেকোনো দলকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম। নাহিদ রানাকে আগে বল করতে দেখিনি। তবে শুনেছি ও ১০ ওভার জুড়েই অনেক গতিতে বোলিং করে। আমি আগে এভাবে আন্তর্জাতিক ক্রিকেটে কাউকে বল করতে দেখিনি, বিশেষ করে এশিয়ান কন্ডিশনে।’



বাংলাদেশের পেস বিভাগের বিপক্ষে বড় চ্যালেঞ্জ দেখছেন সোধি। এই স্পিনার বলেন, ‘আমার মনে হচ্ছে খুব চ্যালেঞ্জিং হবে। আমরা আমাদের ব্যাটারদের থেকে কিছু ভালো পারফরম্যান্সের সাথে জয় প্রত্যাশা করছি। বাংলাদেশের এই দল বেশ ভিন্ন। এই দলে কয়েকজন নামজাদা পেসার আছেন। তাদের বিপক্ষে আগে খেলিনি। তাই এই কন্ডিশনে আমাদের জন্য ভালো একটা টেস্ট হয়ে যাচ্ছে।’

‘গত সিরিজে মুস্তাফিজ ও নাহিদ যেভাবে বল করেছে, তারা ভিন্ন ধরনের চ্যালেঞ্জ। তবে এটা নতুন দল, তাই আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ। মুস্তাফিজের বিরুদ্ধে আগে খেলা হয়েছে। পুরোনো বোলারদের ব্যাপারে কৌশল সাজানো যায়। কিন্তু এখন তো পুরো নতুন বোলিং অ্যাটাক।’- তিনি আরও যোগ করেন।

ঘরের কন্ডিশনে বাংলাদেশ বেশ শক্তিশালী। তবে সোধিরাও চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন। তিনি বলেন, ‘এই কন্ডিশনে বাংলাদেশ সবসময় চ্যালেঞ্জিং দল। তবে আমরা এই চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি। আমরা এশিয়াতে অনেক ক্রিকেট খেলেছি। আশা করি আমাদের তরুণরাও এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবে।’

আগামী ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে প্রথম দুটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। এরপর ঢাকায় পাড়ি জমাবে তারা। ২ মে মিরপুরে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

ক্রিফোস্পোর্টস/২৫এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট