চলতি বিশ্বকাপের শেষ ৩২ পেরিয়ে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করেছে পর্তুগাল। শ্বাসরুদ্ধকর এক ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে সেরা ১৬ তে পা রেখেছে দলটি। এই ম্যাচে একটি গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদোরা। ম্যাচশেষে ব্রাজিলিয়ানদের প্রতি ভালোবাসা জানিয়েছেন এই মহাতারকা।
রোনালদোর প্রতি ব্রাজিলিয়ান ভক্তদের একটা আলাদা ভালোলাগা কাজ করে। অনেক ব্রাজিলিয়ানরাই রোনালদোর ভক্ত। তাই ব্রাজিলিয়ানদের নিয়েও রোনালদোর মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করে। ক্রোয়েশিয়াকে হারিয়ে তাদের প্রতি নিজের ভালোবাসার কথা জানান এই ফরোয়ার্ড।
ম্যাচশেষে ব্রাজিলের সংবাদমাধ্যম কেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘ব্রাজিলের সমর্থকদের উদ্দেশে কোনো বার্তা দিতে হবে? ব্রাজিলের কথা বললে সব সময়ই আমার মনে এক বিশেষ অনুভূতি কাজ করে। সেখাবে আমার পরিবারের সদস্যরা আছেন, শুধু এ কারণে নয়; বরং ব্রাজিলের মানুষদের আমি ভীষণ ভালোবাসি।’
ক্যারিয়ারজুড়ে ব্রাজিলের মানুষদের কাছ থেকে সমর্থন পাওয়া নিয়ে রোনালদো বলেন, ‘আমার পেশাদার ক্যারিয়ারের পুরোটা সময় জুড়েই তারা আমাকে অনেক সমর্থন দিয়েছেন। আমার পক্ষ থেকে তাদের প্রত্যেকের জন্য রইল অনেক ভালোবাসা এবং চুম্বন।’
আজ ভোরে কানাডার টরন্টো স্টেডিয়ামে টান টান উত্তেজনার ম্যাচে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ। তবে দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটের মাথায় ইভান পেরিসিচের দুর্দান্ত এক গোলে লিড নেয় ক্রোয়েশিয়া। এরপর ম্যাচে ৬৮ মিনিটে পেনাল্টি পায় পর্তুগাল। এরপর স্পট কিক থেকে বল জালে জড়িয়ে দলকে ম্যাচে ফেরান রোনালদো। ম্যাচের যোগ করা সময়ে গনসালো রামোসের দুর্দান্ত হেডারে জয়সূচক গোলটি পায় পর্তুগাল। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
এই ম্যাচে গোল করা মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বের কোনো ম্যাচে গোলের দেখা পেলেন রোনালদো। এর আগে পর্তুগালের জার্সিতে পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়েছিলেন রোনালদো, যার মধ্যে চারটিতে নকআউট পর্বে উঠেছিল পর্তুগাল। তবে আজকের ক্রোয়েশিয়া ম্যাচের আগে নকআউটে কোনো গোল ছিল না এই তারকার।
ক্রিফোস্পোর্টস/৩জুলাই২৬/বিটি



