
বাংলাদেশ দলের হয়ে দীর্ঘ সময় খেললেও নির্দিষ্ট কোনো ব্যাটিং নম্বরে খুব বেশি সময় দেখা যায়নি মাহমুদউল্লাহকে। দলের প্রয়োজনেই প্রায়ই তাকে ভিন্ন ভিন্ন জায়গায় ব্যাট করতে হয়েছে। নিজের পছন্দ ছিল ভিন্ন, কিন্তু দলের কথা ভেবেই বেশিরভাগ সময় তা মেনে নিয়েছেন তিনি।
সম্প্রতি প্রচারিত এক আলোচনায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহ নিজের ক্যারিয়ারের সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, মনে মনে সব সময়ই চার বা পাঁচ নম্বরে ব্যাট করতে চাইতেন। কিন্তু সে বিষয়ে জোর দিয়ে কথা বলতে পারেননি।
মাহমুদউল্লাহ জানান, সুযোগ এলে তিনি সেটিকে কাজে লাগানোর চেষ্টা করতেন। তার মতে, গত কয়েক বছরে বাংলাদেশ দলের ব্যাটিং বিন্যাসের জন্য তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। তার বিশ্বাস, এতটা ত্যাগ খুব বেশি ক্রিকেটারকে করতে হয়নি।
তবে এ নিয়ে তার কোনো অভিযোগ নেই বলেও জানান এই অভিজ্ঞ ক্রিকেটার। তিনি বলেন, নিজের পছন্দ থাকলেও দলের প্রয়োজনকে তিনি সব সময় গুরুত্ব দিয়েছেন। দলের ভালো ফলাফলের জন্য যা করতে হয়েছে, সেটাই করার চেষ্টা করেছেন।
ব্যাটিং নম্বর বদলের বিষয়টি কখনো কখনো দলের অধিনায়কের সিদ্ধান্তেই হতো। মাহমুদউল্লাহ বলেন, অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অনেক সময় তাকে ভিন্ন নম্বরে ব্যাট করতে বলতেন। একদিন চার নম্বরে নামতে বলা হতো, আবার পরদিন পাঁচ নম্বরে। কখনো ছয় নম্বরেও খেলতে হয়েছে।
মাহমুদউল্লাহ বলেন, অধিনায়ক যখনই বলতেন, তিনি তা মেনে নিতেন। কোনো আপত্তি করতেন না। এভাবেই তার ব্যাটিং অবস্থান প্রায়ই বদলেছে পুরো ক্যারিয়ারে।
ক্রিফোস্পোর্টস/১৩মার্চ২৬/টিএ






















