
বাংলাদেশ জাতীয় দলে এই মুহূর্তে স্পিন অলরাউন্ডারের সংখ্যা খুব বেশি নয়। সাকিব আল হাসান দলে না থাকায় এই দায়িত্বটা বেশিরভাগ সময় সামলাতে হয় মিরাজ কিংবা শেখ মাহেদীকে। তবে ঘরোয়া ক্রিকেটে কয়েকজন তরুণ অলরাউন্ডার নিজেদের প্রমাণ করার চেষ্টা করছেন। তাদের মধ্যে অন্যতম মেহেরব হোসেন ।
গত প্রায় ছয় মাস ধরে দেশের ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে নজর কাড়ছেন এই তরুণ ক্রিকেটার। সুযোগ পেলেই ব্যাট ও বল দুই দিক থেকেই দলের জন্য অবদান রাখার চেষ্টা করছেন তিনি।
সবশেষ বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চার ম্যাচে সাত উইকেট নিয়েছেন মেহেরব। ব্যাট হাতেও করেছেন গুরুত্বপূর্ণ রান। ফলে তাকে সম্ভাবনাময় অলরাউন্ডার হিসেবে দেখছেন অনেকেই। তার পারফরম্যান্সে সন্তুষ্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।
জাতীয় দলে খেলার বিষয়ে নিজের ভাবনার কথা জানিয়ে মেহেরব বলেন, অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ খেলার পর তিনি কোনো জাতীয় ক্যাম্পে সুযোগ পাননি। তখন নিয়মিত ক্যাম্পে থাকলে নিজের উন্নতি আরও দ্রুত হতে পারত বলে মনে করেন তিনি।
তিনি বলেন, অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের পর আমি কোনো ক্যাম্পে ছিলাম না। পরে ডিপিএলে ভালো খেলেছিলাম, কিন্তু তখনও ক্যাম্পে সুযোগ পাইনি। ওই সময়টা আমার জন্য কঠিন ছিল।
তবে সেই কঠিন সময়ই তাকে অনেক কিছু শিখিয়েছে বলেও মনে করেন এই তরুণ অলরাউন্ডার। তার মতে, সেই অভিজ্ঞতা তাকে মানসিকভাবে আরও শক্ত করেছে।
জাতীয় দলে খেলার বিষয়ে তাড়াহুড়া করতে চান না মেহেরব। তিনি বলেন, আমি দ্রুত জাতীয় দলে ঢুকে আবার বাদ পড়তে চাই না। ভালোভাবে প্রস্তুতি নিয়ে, পরিপক্ক হয়ে তারপর জাতীয় দলে খেলতে চাই। যখন সুযোগ পাব, তখন দীর্ঘ সময় ধরে দলের জন্য অবদান রাখতে চাই।
২০২৪ সালের একটি অভিজ্ঞতার কথাও উল্লেখ করেছেন তিনি। সে সময় জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকার তাকে একটি ক্যাম্পে সুযোগ করে দিয়েছিলেন বলে জানান মেহেরব।
তিনি বলেন, তখন আমি তেমন কোনো ক্যাম্পে সুযোগ পাচ্ছিলাম না। হান্নান সরকার স্যার আমাকে একটি ক্যাম্পে সুযোগ করে দিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত সেই ক্যাম্পটি হয়নি, তবু তার প্রতি আমি কৃতজ্ঞ।
ক্রিফোস্পোর্টস/৭মার্চ২৬/টিএ






















