Connect with us
ফুটবল

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক, ফের আলোচনায় ম্যারাডোনা

ম্যারাডোনা। ছবি - সংগৃহীত

উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে চলছে ২৬ বিশ্বকাপের জমজমাট খেলা। এর মাঝেই নতুন করে আলোচনায় উঠে এসেছে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার আট বছর আগের একটি সাক্ষাৎকার।

২০১৮ সালে, ২০২৬ বিশ্বকাপের আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর নাম ঘোষণার পর এক লাতিন আমেরিকান টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছিলেন ম্যারাডোনা। সেখানে তিন আয়োজক দেশকে নিয়েই নিজের অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি।

১৯৮৬ সালে মেক্সিকোর মাটিতে নিজের অসাধারণ নৈপুণ্যে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো ম্যারাডোনা, ইতিহাসের প্রথম দেশ হিসেবে মেক্সিকোর তৃতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাওয়ায় সন্তুষ্ট ছিলেন না। সে সময় তিনি বলেছিলেন, ‘মেক্সিকো এটা পাওয়ার যোগ্যই না। মেক্সিকানরা যখনই জার্মানি বা ব্রাজিলের মুখোমুখি হয়… ব্যস, ওখানেই তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।’



কানাডা প্রসঙ্গে ম্যারাডোনার মন্তব্য ছিল দেশটির ক্রীড়া সংস্কৃতি নিয়ে। শীতকালীন অলিম্পিক ও স্কিইংয়ের প্রতি কানাডিয়ানদের আগ্রহের প্রসঙ্গ টেনে তিনি বলেছিলেন, ‘ওদের ফুটবল নিয়ে কোনো আবেগ নেই। কানাডিয়ানরা বড়জোর ভালো স্কিইয়ার হতে পারে।’

অন্যদিকে যুক্তরাষ্ট্রকে নিয়ে তার সমালোচনার মূল বিষয় ছিল দেশটির কর্পোরেট দৃষ্টিভঙ্গি ও বিজ্ঞাপননির্ভর মানসিকতা। ম্যারাডোনা দাবি করেছিলেন, ১৯৯৪ বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র ফুটবলের প্রচলিত ৯০ মিনিটের ম্যাচকে ২৫ মিনিট করে চার কোয়ার্টারে ভাগ করার প্রস্তাব দিয়েছিল, যাতে আরও বেশি বিজ্ঞাপন প্রচার করা যায়।

এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘আমেরিকানরা তো বিজ্ঞাপনের স্বার্থে খেলাটিকে ২৫ মিনিটের চার পিরিয়ডে ভাগ করতে চেয়েছিল।’

বর্তমান বিশ্বকাপে সেই মন্তব্যই আবার টেনে আনছেন ফুটবলপ্রেমীরা। যদিও ম্যাচকে চার কোয়ার্টারে ভাগ করা হয়নি, তবে হাইড্রেশন ব্রেকের কারণে কার্যত একটি ম্যাচ চারটি ভাগে বিভক্ত হচ্ছে। অনেকের মতে, বহু বছর আগেই যেন এমন পরিস্থিতির ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন ম্যারাডোনা।

ক্রিফোস্পোর্টস/১জুলাই২৬/এনডি

Crifosports announcement

Focus

More in ফুটবল