Connect with us
ক্রিকেট

আইপিএল : চেন্নাইকে হারিয়ে তৃতীয় জয়ের দেখা পেল হায়দরাবাদ

Hyderabad secure their third win by defeating Chennai.
চেন্নাইকে ১০ রানে হারিয়ে তৃতীয় জয় তুলে নিল হায়দরাবাদ। ছবি- বিসিসিআই

চলতি আইপিএলে শুরুটা প্রত্যাশিত হয়নি সানরাইজার্স হায়দরাবাদের। আসরে নিজেদের প্রথম চার ম্যাচের মধ্যে কেবল একটিতে জয় পেয়েছিল তারা। তবে পরের দুই ম্যাচে টানা জয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ঈশান কিষানের দল।

শনিবার (১৮ এপ্রিল) চেন্নাই সুপার কিংসকে ১০ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ঘরের মাঠ রাজীব গান্ধী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে হায়দরাবাদ। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৪ রানের বেশি তুলতে পারেনি চেন্নাই।

এদিন রানতাড়ায় নেমে সুবিধা করতে পারেননি চেন্নাইয়ের দুই ওপেনার সঞ্জু স্যামসন ও ঋতুরাজ গায়কোয়াদ। স্যামসন ৩ বলে ৭ এবং গায়কোয়াদ ১৩ বলে ১৯ রান করে বিদায় নেন। ইমপ্যাক্ট ব্যাটার হিসেবে তিনে নেমে ১৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩০ রানের ঝোড়ো ক্যামিও খেলে বিদায় নেন আয়ুশ মাত্রে। এরপর সরফরাজ খান ১৯ বলে ২৫ রান করে বিদায় নেন।



Nitesh Kumar Reddy Removes Sanju Samson

শুরুতে সঞ্জু স্যামসনের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন নিতীশ কুমার রেড্ডি। ছবি- বিসিসিআই

তবে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি দেওয়াল্ড ব্রেভিস। রানের খাতা খোলার আগেই বিদায় নেন এই প্রোটিয়া তারকা। অন্যপ্রান্তে থাকা মাথিউ শর্ট ভালো শুরু পেয়েও শেষ পর্যন্ত ৩০ বলে ৩৪ রান করে বিদায় নেন। শিবম দুবে এসেও ইনিংস বড় করতে পারেননি। ১৬ বলে ২১ রান করে বিদায় নেন তিনি।

শেষ ৩ ওভারে চেন্নাইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ৪০ রান। ক্রিজে ছিলেন জেমি ওভার্টন ও আনশুল কম্বোজ। ১৮ ও ১৯তম ওভারে মোট ২২ রান যোগ করেন তারা। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৮ রান। তবে শেষ ওভারে ৭ রানের বেশি নিতে পারেনি চেন্নাই। তাতে ১০ রানে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

Eshan Malinga removes Sarfaraz

চেন্নাইয়ের হয়ে গুরুত্বপূর্ণ ৩টি উইকেট তুলে নেন এশান মালিঙ্গা। ছবি- বিসিসিআই

হায়দরাবাদের হয়ে ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন এশান মালিঙ্গা। ৩১ রান দিয়ে ২টি উইকেট নেন নিতীশ কুমার রেড্ডি। এছাড়া একটি করে উইকেট নেন প্রফুল হিঙ্গে, সাকিব হুসেইন ও শিবং কুমার।

এর আগে ব্যাট করতে নেমে হায়দরাবাদের হয়ে বিধ্বংসী ইনিংস খেলেন অভিষেক শর্মা। মাত্র ১৫ বলেই ফিফটি তুলে নেন তিনি। তবে শেষ পর্যন্ত ২২ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৫৯ রান করে বিদায় নেন এই ওপেনার।

Abhishek Sharma picks up a 15-ball Fifty

মাত্র ১৫ বলে ফিফটি তুলে নেন অভিষেক শর্মা। ছবি- বিসিসিআই

তবে আজও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি আরেক ওপেনার ট্রাভিস হেড। ২০ বলে ২৩ রানের ধীরগতির ইনিংস খেলে বিদায় নেন এই অজি তারকা। ব্যর্থ হন অধিনায়ক ঈশান কিষানও। গোল্ডেন ডাকে বিদায় নেন এই উইকেটরক্ষক ব্যাটার। তবে মিডল অর্ডারে বরাবরের মতোই দলের হাল ধরেন হ্যানরিখ ক্লাসেন। ৩৯ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৯ রানের ইনিংস খেলে বিদায় নেন এই প্রোটিয়া তারকা। এছাড়া সালিল আরোরা ১৩, নিতীশ কুমার রেড্ডি ১২ এবং শিবং কুমার ১২ রান করেন।

চেন্নাইয়ের হয়ে ৩ ওভারে ২২ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন আনশুল কম্বোজ। ৪ ওভারে ৩৭ রান দিয়ে সমান ৩টি উইকেট তুলে নেন জেমি ওভার্টন। এছাড়া মুকেশ চৌধুরী ২টি এবং গুরজাপনিত সিং একটজ উইকেট নেন।

এই জয়ে দুইধাপ এগিয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এসেছে হায়দরাবাদ। অন্যদিকে চেন্নাই ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে।

সংক্ষিপ্ত স্কোর :

সানরাইজার্স হায়দরাবাদ : ১৯৪/৯ (২০ ওভার)

চেন্নাই সুপার কিংস : ১৮৪/৮ (২০ ওভার)

ফলাফল : সানরাইজার্স হায়দরাবাদ ১০ রানে জয়ী

ক্রিফোস্পোর্টস/১৯এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট