
চলতি আইপিএলের শুরুতে কিছুটা বাজে সময় পার করেছে সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম চার ম্যাচের মধ্যে কেবল একটিতে জয়ের দেখা পেয়েছিল ফ্রাঞ্চাইজিটি। তবে পরের তিন ম্যাচে টানা জয় নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ঈশান কিষানের দল।
মঙ্গলবার (২১ এপ্রিল) দিল্লি ক্যাপিটালসকে ৪৭ রানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তাতে ৭ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে দলটি।

দিল্লিকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে সানরাইজার্স হায়দরাবাদ। ছবি-বিসিসিআই
ঘরের মাঠ রাজীব গান্ধী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে অভিষেক শর্মার সেঞ্চুরিতে পাহাড়সম পুঁজি পায় হায়দরাবাদ। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৪২ রান সংগ্রহ করে তারা। সেঞ্চুরি হাঁকিয়ে জয়ের নায়ক অভিষেক শর্মা ১৩৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। ৬৮ বলে ১০ চার ও ১০ ছক্কায় ইনিংসটি সাজান এই তরুণ ওপেনার।
আরেক ওপেনার ট্রাভিস হেড ২৬ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৭ রানের ইনিংস খেলেন। তিনে নেমে ১৩ বলে ২ চার ও ১ ছক্কায় ২৫ রান করেন অধিনায়ক ঈশান কিষান। এছাড়া শেষদিকে ১৩ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৩৭ রানে ঝোড়ো ক্যামিও খেলেন হেনরিখ ক্লাসেন। দিল্লির হয়ে ২ ওভারে ২৩ রান দিয়ে ২টি উইকেট নেন অক্ষর প্যাটেল।
জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদের বোলিং তোপে দুইশ রানের আগেই থামে দিল্লির ইনিংস। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে তারা। দিল্লির হয়ে একমাত্র ফিফটির দেখা পান নিতীশ রানা। ৩০ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৫৭ করেন এই ব্যাটার।
ওপেনিংয়ে নেমে ২৩ বলে ৩৭ রান করেন লোকেশ রাহুল। তবে আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা ৬ বলে ৮ রান করেই বিদায় নেন। শেষদিকে সামির রিজভি ২৮ বলে ৪১ এবং ট্রিস্টান স্টাবস ১৬ বলে ২৭ রান করেন। এছাড়া আশুতোশ শর্মার ব্যাট থেকে আসে ১৪ রান।

হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন ইশান মালিঙ্গা। ছবি-বিসিসিআই
হায়দরাবাদের হয়ে দুর্দান্ত বোলিং করেন ইশান মালিঙ্গা। ৪ ওভারে ৩২ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন এই লঙ্কান পেসার। ২ ওভারে ১২ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন হার্শ দুবে। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন দিলশান মাদুশঙ্কা ও সাকিব হুসেইন।
সংক্ষিপ্ত স্কোর :
সানরাইজার্স হায়দরাবাদ : ২৪২/২ (২০ ওভার)
দিল্লি ক্যাপিটালস : ১৯৫/৯ (২০ ওভার)
ফলাফল : সানরাইজার্স হায়দরাবাদ ৪৭ রানে জয়ী
ক্রিফোস্পোর্টস/২২এপ্রিল২৬/বিটি



















