
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথমবার অংশ নিয়েছে হায়দরাবাদ কিংসম্যান। তবে টুর্নামেন্টের শুরুটা বেশ বাজে কেটেছে তাদের। প্রথম চার ম্যাচে কোনো জয়ের দেখা পায়নি তারা। তাতে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায় ছিল মারনাস লাবুশেনের নেতৃত্বাধীন দলটি। তবে পরবর্তীতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। শেষের ৬ ম্যাচের মধ্যে ৫ জয় নিয়ে চতুর্থ দল হিসেবে চলতি আসরের প্লে-অফ নিশ্চিত করেছে দলটি।
হায়দরাবাদের সঙ্গে প্লে-অফ নিশ্চিতের দৌড়ে ছিল লাহোর কালান্দার্স। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারেই ছিল তারা। লাহোরকে টপকে প্লে-অফ নিশ্চিতের জন্য শেষ ম্যাচে রাওয়ালপিন্ডিজের বিপক্ষে জিততেই হতো হায়দরাবাদকে। তবে শুধু জয় নয়, নেট রান রেটে লাহোরকে পেছনে ফেলতে বড় জয় দরকার ছিল দলটির। অবশেষে রাওয়ালপিন্ডিজকে বড় ব্যবধানে হারিয়ে লাহোরকে পেছনে ফেলে শেষ চার নিশ্চিত করেছে হায়দরাবাদ।
আজ রোববার (২৬ এপ্রিল) রাওয়ালপিন্ডিজকে ১০৮ রানে হারিয়েছে হায়দরাবাদ কিংসম্যান। আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৪ রানের পাহাড়সম পুঁজি পায় হায়দরাবাদ। জবাবে ব্যাট করতে নেমে ১৩৬ রানেই গুটিয়ে যায় রাওয়ালপিন্ডিজ।
এই জয়ে ১০ ম্যাচে লাহোরের সমান ১০ পয়েন্ট হয়েছে হায়দরাবাদের। তবে হায়দরাবাদের নেট রানরেট হয়েছে -০.৩৬১, যেখানে লাহোরের নেট রানরেট -০.৪৮২। যার ফলে লাহোরের সমান পয়েন্ট নিয়েও নেট রানরেটে এগিয়ে থাকায় প্লে-অফের টিকিট পেয়েছে হায়দরাবাদ।
সবশেষ টিকিট পাওয়া হায়দরাবাদকে নিয়ে প্লে-অফের চার দল নিশ্চিত হয়েছে। প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছিল পেশোয়ার জালমি। ১০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। দ্বিতীয় দল হিসেবে প্লে-অফের টিকিট পায় মুলতান সুলতান। ৯ ম্যাচে ১২ পয়েন্ট দলটির। আর তৃতীয় দল হিসেবে টিকিট পায় ইইসলামাবাদ ইউনাইটেড। ৯ ম্যাচে ১১ পয়েন্ট তাদের। তবে শীর্ষ দুইয়ে জায়গা নিশ্চিতের জন্য গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়ছে তারা।
হায়দরাবাদ প্লে-অফের টিকিট পাওয়ায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে গত আসরের চ্যাম্পিয়ন লাহোর। ছয়ে থাকা করাচি কিংস ১০ পয়েন্ট নিয়ে এবং সাতে থাকা কোয়েটা গ্লাডিয়েটর্স ৬ পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে। তবে আরেক নবাগত ফ্রাঞ্চাইজি রাওয়ালপিন্ডিজ ১০ ম্যাচে কেবল এক জয় পেয়েছে। চলতি আসরের প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হয়েছিল মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দলটির।
ক্রিফোস্পোর্টস/২৬এপ্রিল২৬/বিটি



















