
অবশেষে চলতি আইপিএলে জয়রথ থামল রাজস্থান রয়্যালসের। উড়তে থাকা রাজস্থানকে মাটিতে নামাল সানরাইজার্স হায়দরাবাদ। টানা চার জয়ের পর পঞ্চম ম্যাচে এসে হায়দরাবাদের কাছে হারের স্বাদ পেল রিয়ান পরাগের দল।
সোমবার (১৩ এপ্রিল) ঘরের মাঠে রাজস্থান রয়্যালসকে ৫৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তাতে চলতি আসরে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে ঈশান কিষাণের দল।
রাজীব গান্ধী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৬ রানের পুঁজি পায় হায়দরাবাদ। দলের পক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলেন ঈশান। ৪৪ বলে ৮ চার ও ৬ ছক্কায় ৯১ রানের ইনিংস খেলেন হায়দরাবাদ দলপতি। এছাড়া হেনরিখ ক্লাসেন ২৬ বলে ২৪, নিতীশ কুমার রেড্ডি ১৩ বলে ২৮ এবং সালিল আরোরা ১৩ বলে ২৪ রানের ইনিংস খেলেন।
রাজস্তানের হয়ে ৪ ওভারে ৩৭ রান দিয়ে ২টি উইকেট নেন জোফরা আর্চার। এছাড়া একটি করে উইকেটের দেখা পান সন্দীপ শর্মা, তুষার দেশপান্ডে ও রিয়ান পরাগ।
জবাবে ব্যাট করতে নেমে প্রাফুল হিঙ্গে ও শাকিব হুসেইনের দুর্দান্ত বোলিংয়ে দলীয় ৯ রানেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় রাজস্থান। ওপেনার যশস্বী জয়সওয়াল বিদায় নেন ১ রানে। টপ অর্ডারের বাকি তিন ব্যাটার বৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেল ও লুহান-ড্রে প্রেটোরিয়াস রানের খাতাই খুলতে পারেননি। পাঁচে নেমে অধিনায়ক পরাগও বিদায় নেন ৪ রান করে।
পরবর্তীতে ম্যাচের হাল ধরেন রবীন্দ্র জাদেজা ও দোনোভান ফেরেইরা। ষষ্ঠ উইকেট জুটিতে ৭২ বলে ১১৮ রান যোগ করেন তারা। তবে এই জুটিতে কেবলই ব্যবধান কমাতে সক্ষম হয়েছে দলটি। জাদেজা ৩২ বলে ৪৫ এবং ফেরেইরা ৪৪ বলে ৬৯ রান করে ফিরে গেলে শেষ পর্যন্ত ১৫৯ রানেই গুটিয়ে যায় দলটি।
হায়দরাবাদের হয়ে ৪ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন শাকিব হুসেইন। ৩৪ রান দিয়ে সমান ৪টি উইকেট তুলে নেন হিঙ্গে। এছাড়া এশান মালিঙ্গা ৩১ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন।
এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে হায়দরাবাদ। অন্যদিকে প্রথম হারের স্বাদ পাওয়া রাজস্থান ৮ পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে।
সংক্ষিপ্ত স্কোর :
সানরাইজার্স হায়দরাবাদ : ২১৬/৬ (২০ ওভার)
রাজস্থান রয়্যালস : ১৫৯/১০ (১৯ ওভার)
ফলাফল : সানরাইজার্স হায়দরাবাদ ৫৭ রানে জয়ী
ক্রিফোস্পোর্টস/১৪এপ্রিল২৬/বিটি



















